
নয়াবার্তা ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপের প্রশংসা করলেও এই যুদ্ধে সরাসরি জড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো।
ব্রাসেলসে জার্মানির এআরডি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ন্যাটোর মহাসচিব মার্ক রুত্তে বলেন, ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা কমিয়ে আনতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে যা করছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তবে জোট হিসেবে ন্যাটো এই যুদ্ধে অংশ নেবে না উল্লেখ করে রুত্তে বলেন, ‘এই লড়াইয়ে ন্যাটোর জড়িয়ে পড়া বা অংশ নেওয়ার কোনো পরিকল্পনা একেবারেই নেই।’ তিনি আরও জানান, জোটগতভাবে কোনো সিদ্ধান্ত না থাকলেও সদস্য দেশগুলো চাইলে ব্যক্তিগতভাবে যুক্তরাষ্ট্রকে সমর্থন বা সহযোগিতা করতে পারে।
সূত্র: আল–জাজিরা
০৪: ০৭
ইরানে অভিযানে ৬ মার্কিন সেনা নিহত: সেন্টকম
ইরানের ভেতরে চলমান অভিযানে অন্তত ছয় মার্কিন সেনা নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বোমা হামলা শুরুর পর এই প্রাণহানির ঘটে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের প্রাথমিক পাল্টা হামলায় ক্ষতিগ্রস্ত একটি স্থাপনা থেকে নিখোঁজ দুই সেনার মরদেহ সম্প্রতি উদ্ধার করা হয়েছে। এর মাধ্যমে নিহতের মোট সংখ্যা ছয় জনে দাঁড়িয়েছে।
নিহত সেনাদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। নিয়ম অনুযায়ী তাদের পরিবারকে অবহিত করার ২৪ ঘণ্টা পর নাম-পরিচয় জানানো হবে।
সূত্র: আল–জাজিরা
০৩: ৫৮
প্রয়োজনে ইরানে স্থল অভিযান চালাতে পারেন ট্রাম্প
ইরানের ওপর খুব শিগগিরই বড় ধরনের হামলার ঢেউ শুরু হতে যাচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে দেশটিতে মার্কিন স্থল সেনা পাঠানোর সম্ভাবনাও নাকচ করেননি তিনি।
সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমরা এখনো তাদের ওপর কঠোর আঘাত শুরুই করিনি। বড় হামলাটি আসতে দেরি আছে। আমাদের সামরিক বাহিনী ইরানকে গুঁড়িয়ে দিচ্ছে।’
যুদ্ধের সম্ভাব্য সময়কাল নিয়ে ট্রাম্প বলেন, ‘আমি চাই না এটি দীর্ঘস্থায়ী হোক। আমি সব সময় ভেবেছিলাম এটি চার সপ্তাহ চলবে। তবে আমরা নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা এগিয়ে আছি।’
নিউইয়র্ক পোস্টকে দেওয়া আরেক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, প্রয়োজনে ইরানে স্থল সেনা পাঠানোর বিষয়টি তিনি বিবেচনায় রেখেছেন।
ট্রাম্পের দাবি, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষস্থানীয় কয়েক ডজন কর্মকর্তা নিহত হওয়ার পর দেশটির নেতৃত্বে এখন কে আছেন, তা স্পষ্ট নয়।
ট্রাম্প আরও বলেন, যুদ্ধের সবচেয়ে বড় বিস্ময় ছিল সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন ও জর্ডানের মতো প্রতিবেশী আরব দেশগুলোর ওপর ইরানের আক্রমণ। ট্রাম্পের ভাষ্যমতে, এই দেশগুলো এখন সরাসরি যুদ্ধে অংশ নিতে অনড় অবস্থানে রয়েছে।
সূত্র: আল–জাজিরা
০৩: ২৭
লেবাননে ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ৫২
লেবাননজুড়ে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫২ জনে দাঁড়িয়েছে। দেশটির সরকারের পক্ষ থেকে দেওয়া সর্বশেষ হালনাগাদ তথ্যে এই হতাহতের খবর জানানো হয়েছে। হামলায় আহত হয়েছেন আরও অন্তত ১৫৪ জন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এর আগে ৩১ জন নিহত ও ১৪৯ জন আহত হওয়ার খবর দিয়েছিল।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, দক্ষিণ ও পূর্ব লেবানন এবং রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে ব্যাপক বোমা হামলার কারণে এখন পর্যন্ত ২৮ হাজার ৫০০ জনের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন।
সূত্র: আল–জাজিরা
০৩: ১৭
হরমুজ প্রণালিতে তেলের ট্যাংকারে ইরানের হামলা
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার পাল্টা জবাব দিতে হরমুজ প্রণালিতে মার্কিন মিত্রদের একটি তেলের ট্যাংকারে হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)।
এক বিবৃতিতে আইআরজিসি জানায়, মার্কিন মিত্রদের ব্যবহৃত ‘অ্যাথি নোভা’ নামের একটি ট্যাংকারে দুটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে এবং সেটিতে এখনো আগুন জ্বলছে।
গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পরপরই বিশ্ববাজারে তেল-গ্যাস সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় বাহিনীটি।
বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় এক-পঞ্চমাংশ এবং কাতার ও সংযুক্ত আরব আমিরাতের তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) বিশাল একটি অংশ এই সংকীর্ণ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেল এই পথ দিয়ে যায়, যা বিশ্বের মোট চাহিদার ২০ শতাংশ।
সূত্র: আল–জাজিরা
০২: ৫০
প্রতিবেশি দেশে আক্রমণ করছে না ইরান, যুদ্ধ শুধু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে: আরাগচি
ইরান তার আঞ্চলিক প্রতিবেশি দেশগুলোর বিরুদ্ধে যুদ্ধ করছে না। গত শনিবার ইরানে মার্কিন হামলার জবাবে এ যুদ্ধ শুধু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই মন্তব্য করেছেন।
মঙ্গলবার রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, ‘আমরা আমাদের প্রতিবেশীদের ওপর আক্রমণ করছি না। আমরা আক্রমণ করছি মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে। মার্কিন সেনারা পালিয়ে গিয়েও রেহাই পাবে না।’
ইরানি পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, সামরিক সংঘাত এড়াতে কূটনৈতিক আলোচনা চলাকালেই ইসরায়েলের সঙ্গে মিলে বিমান হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ‘কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা’ করেছে। এই পরিস্থিতিতে তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোকে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের বিরুদ্ধে চাপ সৃষ্টি করার আহ্বান জানান।
সূত্র: আল–জাজিরা
০২: ৩৬
ইরানে হামলায় নিজেদের বিমানঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন
ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার মধ্যে স্পেনের দক্ষিণাঞ্চলীয় রোটা ও মোরন সামরিক ঘাঁটি ত্যাগ করেছে ১৫টি মার্কিন বিমান। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার ২৪’-এর মানচিত্রে সোমবার এ চিত্র দেখা গেছে।
স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানে হামলার জন্য স্পেন তাদের কোনো সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে না। স্পেনের সার্বভৌমত্বের অধীনে থাকা এসব ঘাঁটি যৌথভাবে পরিচালিত হলেও মাদ্রিদ এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
ফ্লাইটরাডার ২৪-এর তথ্যমতে, কমপক্ষে সাতটি যুদ্ধবিমান জার্মানির রামস্টেইন বিমানঘাঁটিতে অবতরণ করেছে। এগুলোর মধ্যে বেশির ভাগই ছিল আকাশে জ্বালানি সরবরাহের কাজে নিয়োজিত ‘বোয়িং কেসি-১৩৫ স্ট্র্যাটোট্যাঙ্কার’।
স্পেনের সম্প্রচারমাধ্যম টেলেসিনকোকে দেওয়া সাক্ষাৎকারে আলবারেস বলেন, ‘এ অভিযানে স্পেনের ঘাঁটি ব্যবহার করা হচ্ছে না। জাতিসংঘের সনদের বাইরে বা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বাইরে কোনো কাজে এসব ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হবে না।’
সূত্র: রয়টার্স
২৩: ৫৩ , মার্চ ০২
ইরানের নয়টি হাসপাতালে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটির অন্তত নয়টি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ইরানের সংসদ সদস্য ফাতেমেহ মোহাম্মদ বেইগি। তিনি দেশটির সংসদের স্বাস্থ্য বিষয়ক কমিশনের সদস্য। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ কথা জানিয়েছে।
মোহাম্মদ বেইগি বলেন, হামলার শিকার হাসপাতালগুলোর মধ্যে পাঁচটি রাজধানী তেহরানে এবং বাকি চারটি অন্যান্য শহরে অবস্থিত। তিনি জানান, হামলার কারণে তেহরানের গান্ধী হাসপাতালটি বর্তমানে পুরোপুরি খালি করা হয়েছে। সেখানকার সব রোগীকে অন্য চিকিৎসা কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। মূলত মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ হামলার লক্ষ্যবস্তু হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়।
সূত্র: আল–জাজিরা
২৩: ১২ , মার্চ ০২
ইরানের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি কাতারের
ইরানের দুটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে কাতার।
আজ সোমবার এক বিবৃতিতে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা দুটি এসইউ-২৪ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। সেইসাথে ইরানের ছোড়া সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পাঁচটি ড্রোনও প্রতিহত করা হয়েছে।
সূত্র: আল জাজিরা
২২: ৩৭ , মার্চ ০২
আরও মার্কিন প্রাণহানির আশঙ্কা করছি: শীর্ষ মার্কিন জেনারেল কেইন
ইরানে লক্ষ্য অর্জনে সময় লাগবে এবং এতে আরও মার্কিন সেনার প্রাণহানি হতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন।
জেনারেল কেইন বলেন, ‘আমরা আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা করছি। তবে বরাবরের মতোই মার্কিন ক্ষয়ক্ষতি যতটা সম্ভব কমিয়ে আনতে আমরা কাজ করব।’
কেইন আরও বলেন, ‘মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড ও যৌথ বাহিনীকে যেসব সামরিক লক্ষ্য অর্জনের দায়িত্ব দেওয়া হয়েছে, তা শেষ করতে সময় লাগবে। কিছুক্ষেত্রে এই কাজটি কঠিন ও শ্রমসাধ্য হতে পারে।’
সূত্র: রয়টার্স
২২: ২২ , মার্চ ০২
ইরান শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরি করছিল: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানের বর্তমান নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করার জন্য এই অভিযান চালানো হচ্ছে না। তবে এই অভিযানের প্রভাব অত্যন্ত ব্যাপক।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ইরান শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরি করছিল। দেশটি পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে সুরক্ষা দিতে এগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করতে চেয়েছিল।
আজ সোমবার যুক্তরাষ্ট্রের চেয়ারম্যান অব দ্য জয়েন্ট চিফস অব স্টাফ জেনারেল ড্যান কেইনের সঙ্গে এক সংবাদ সম্মেলনে হেগসেথ এ কথা বলেন। তাঁর ভাষায় , ‘এটি তথাকথিত শাসনব্যবস্থা পরিবর্তনের (রেজিম চেঞ্জ) যুদ্ধ নয়। তবে শাসনব্যবস্থা যে বদলে গেছে, তা নিশ্চিত।’
সূত্র: আনাদোলু
২২: ১৭ , মার্চ ০২
ইরানে হামলায় অংশ নিচ্ছে না যুক্তরাজ্য, তবে ঘাঁটি ব্যবহার করতে দেবে: ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলায় অংশ নিচ্ছে না যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আজ সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন। তবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছেন তিনি।
স্টারমার জানান, যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্রের ভান্ডারগুলো বা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থলে থাকা অবস্থাতেই ধ্বংস করার জন্য ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি চেয়েছিল। বেসামরিক নাগরিকদের রক্ষা এবং মধ্যপ্রাচ্যজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে যুক্তরাজ্য এ অনুরোধে সম্মত হয়েছে বলে জানান তিনি।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘ইরান যাতে এই অঞ্চলে ক্ষেপণাস্ত্র ছুড়তে না পারে, সে জন্য আমি এই নতুন অনুরোধে সায় দিয়েছি।’ তবে তিনি এও জানান, যুক্তরাজ্য সরাসরি আক্রমণাত্মক অভিযানে অংশ নিচ্ছে না।
স্টারমার আরও উল্লেখ করেন, ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা ধ্বংস করতে ফ্রান্স ও জার্মানি তাদের সামরিক ঘাঁটি যুক্তরাষ্ট্রকে ব্যবহারের অনুমতি দিতে প্রস্তুত রয়েছে।
সূত্র: বিবিসি
২২: ০২ , মার্চ ০২
ইরানে ‘কঠোর আঘাত’ এখনো করিনি, ‘মূল আক্রমণ শিগগিরই’: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানে এখনো ‘কঠোর আঘাত’ করেনি। বড় হামলা এখনো বাকি। শিগগিরই ‘মূল আক্রমণ’ করা হবে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন।
ইরানি জনগণকে দেশটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে সহায়তা করার জন্য সামরিক হামলার বাইরেও যুক্তরাষ্ট্র আরও কিছু করছে কিনা জানতে চাইলে ট্রাম্প ‘হ্যাঁ’ সূচক জবাব দেন।
তিনি বলেন, ‘আমরা সত্যিই তা করছি। তবে এই মুহূর্তে আমরা চাই সবাই ভেতরে (নিরাপদ স্থানে) অবস্থান করুক। বাইরে পরিস্থিতি নিরাপদ নয়।’ প্রেসিডেন্ট বলেন, পরিস্থিতি আরও অনিরাপদ হতে পারে।
ট্রাম্প বলেন, ‘আমরা এখনো তাদের (ইরান) ওপর কঠোর আঘাত করা শুরুই করিনি। বড় ধরনের হামলা এখনো আসেনি। মূল আক্রমণটি শিগগিরই আসছে।
২০২৫ছবি: রয়টার্স
ইরানের পারমাণবিক স্থাপনা ও বিমান ঘাঁটির কাছে বিকট বিস্ফোরণ
ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানের একটি পারমাণবিক স্থাপনা এবং বিমানঘাঁটির কাছের এলাকা থেকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কিছুক্ষণ আগে এ বিস্ফোরণের শব্দ পাওয়া যায় বলে রয়টার্স ও আল জাজিরার খবরে বলা হয়েছে।
এর আগে ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় হামলা হয়। জাতিসংঘের পরমাণুবিষয়ক পর্যবেক্ষক সংস্থায় নিযুক্ত ইরানের দূত রেজা নাজাফি আজ সোমবার জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
২১: ০৭ , মার্চ ০২
কুয়েতে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ‘আলি আল সালেম’–এ হামলা চালানো হয়েছে। এই ঘাঁটি ইরাকসীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। বিচ্ছিন্ন ও রুক্ষ পরিবেশের কারণে এটি ‘দ্য রক’ নামে পরিচিত।
এই স্যাটেলাইট চিত্রে ইরানের হামলার আগে ও পরে ঘাঁটিটির পরিস্থিতি।
ইরানের হামলার আগে গত ২২ ফেব্রুয়ারি স্যাটেলাইটের চিত্রে কুয়েতে মার্কিন ঘাঁটি ‘আলি আল সালেম’
ইরানের হামলার আগে গত ২২ ফেব্রুয়ারি স্যাটেলাইটের চিত্রে কুয়েতে মার্কিন ঘাঁটি ‘আলি আল সালেম’ছবি: রয়টার্স
ইরানের হামলার পর ০১ মার্চ স্যাটেলাইটের চিত্রে কুয়েতে মার্কিন ঘাঁটি ‘আলি আল সালেম’
ইরানের হামলার পর ০১ মার্চ স্যাটেলাইটের চিত্রে কুয়েতে মার্কিন ঘাঁটি ‘আলি আল সালেম’ছবি: রয়টার্স
২০: ৫৬ , মার্চ ০২
ইরানে ইসরায়েলের হামলায় শিশুসহ নিহত ৫
ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশের সারাবেলেহ গ্রামে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। এতে এক শিশুসহ পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
ইরানের আধা-সরকারি সংবাদসংস্থা তাসনিম নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে।
সূত্র: আল জাজিরা
২০: ৪৪ , মার্চ ০২
মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত: গ্যাস সরবরাহ নিয়ে বৈঠক ডেকেছে ইইউ
মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সংঘাতের প্রভাব খতিয়ে দেখতে আগামী বুধবার বৈঠকে বসবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) গ্যাস সমন্বয় গ্রুপ। আজ সোমবার ইইউর একজন মুখপাত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
ইইউর গ্যাস সমন্বয় গ্রুপে সদস্য দেশের সরকারের প্রতিনিধিরাও রয়েছেন। গ্রুপটি মূলত ইইউভুক্ত দেশগুলোর গ্যাস মজুত ও সরবরাহ ব্যবস্থার নিরাপত্তা পর্যবেক্ষণ করে। এ ছাড়া যেকোনো সংকটকালীন পরিস্থিতিতে করণীয় পদক্ষেপ সমন্বয়ের দায়িত্বও তাদের।
সূত্র: রয়টার্স
২০: ১৭ , মার্চ ০২
‘লেবানন জুড়ে’ হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা শুরু করেছে ইসরায়েল
ইসরায়েল জানিয়েছে, তাদের বাহিনী ‘লেবানন জুড়ে’ হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা শুরু করেছে।
এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী এ কথা জানিয়ে বলেছে, এ বিষয়ে ‘বিস্তারিত তথ্য পরে জানানো হবে।’
ইসরায়েলের হামলায় লেবাননের রাজধানী বৈরুতের ওপর ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে।
সূত্র: আল জাজিরা
১৯: ৫৬ , মার্চ ০২
ইরাকে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপদ স্থানে থাকার নির্দেশ মার্কিন দূতাবাসের
ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ স্থানে বা ঘরে অবস্থান করার পরামর্শ দিয়েছে বাগদাদের মার্কিন দূতাবাস।
দূতাবাস মার্কিনদের উদ্দেশে বলেছে, অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন, নিজের উপস্থিতি জাহির করবেন না এবং জনসমাগম এড়িয়ে চলুন। ইরাকের আকাশসীমায় ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং রকেটের উপস্থিতির খবর পাওয়া যাচ্ছে।
বাগদাদে মার্কিন দূতাবাসে বা ইরবিলে অবস্থিত কনস্যুলেট জেনারেলে মার্কিনদের না যাওয়ারও পরামর্শ দিয়েছে দূতাবাস। একইসঙ্গে দূতাবাসের কর্মীদেরও নিজ নিজ অবস্থানে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র: বিবিসি
১৯: ৪৬ , মার্চ ০২
ইরানে স্থলবাহিনী মোতায়েনের সম্ভাবনা নাকচ করেননি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
যুক্তরাষ্ট্রের ইরান অভিযান ‘অন্তহীন কোনো যুদ্ধ’ নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ভবিষ্যতে ইরানে মার্কিন স্থলবাহিনী মোতায়েনের সম্ভাবনা নাকচ করেননি তিনি।
আজ মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, বর্তমানে ইরানে মার্কিন স্থলবাহিনী নেই। তবে তিনি ভবিষ্যতে স্থলবাহিনী মোতায়েনের সম্ভাবনা নাকচ করেননি।
তিনি বলেন, মার্কিন স্বার্থ রক্ষায় ওয়াশিংটন যতটুকু প্রয়োজন ততদূর পর্যন্ত যাবে।মার্কিন লক্ষ্য অর্জনে তারা কী পদক্ষেপ নিতে পারেন, তা শত্রুপক্ষকে জানিয়ে দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না।
মার্কিন প্রতিরক্ষা বলেন, ইরানে মার্কিন অভিযানের মূল লক্ষ্য হলো ইরানের ক্ষেপণাস্ত্র ও নৌবাহিনী ধ্বংস করা। একই সঙ্গে তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। তিনি বলেন, ‘এটি (ইরান) ইরাক নয়। এটি (যুদ্ধ) অন্তহীন কোনো বিষয় নয়।’
সূত্র: রয়টার্স
