
নুরুল হক নুর বলেন, গত জুলাইয়ে নেপালের ত্রিভুবন ইউনিভার্সিটিতে একটি সেমিনারে যোগ দেওয়ার আমন্ত্রণ ছিল আমার। জরুরি ভিত্তিতে পাসপোর্ট পেতে ব্যাংকে নির্ধারিত ফিসহ এপ্রিলে আগারগাঁও পাসপোর্ট অফিসে ফরম জমা দেই। ধারণা করেছিলাম সাতদিন পরই পাসপোর্ট হাতে পাব। কিন্তু এক মাসেও তা না পেয়ে আমি পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বললে তারা কোনো সদুত্তর দিতে পারেননি।
তবে পাসপোর্ট অধিদপ্তরের ডিজি জানিয়েছেন, আমার বিরুদ্ধে মামলা থাকায় পাসপোর্ট দেওয়া সম্ভব হচ্ছে না। এরপর আগস্টে শুরুর দিকে এ বিষয়ে রিট করলেও তারও শুনানি হয়নি বলে জানান তিনি।
পাসপোর্ট না পেয়ে ক্ষুব্ধ ভিপি নুর বলেন, পাসপোর্ট পাওয়া আমার অধিকার। আমি ডাকসুর নির্বাচিত ভিপি, অথচ আমাকে পাসপোর্ট দেয়া হচ্ছে না। আমি কিছুদিন ধরে অসুস্থ। ভারতে গিয়ে চিকিৎসা করানোর চিন্তা করছি। কিন্তু পাসপোর্টের অভাবে সেটাও সম্ভব হচ্ছে না।
