বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি : জাতীয় সংসদে ৬৮ বিধির এক সাধারণ আলোচনা চলাকালে এক মজার ও আন্তরিক মুহূর্তের সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীর সস্তা ও সাদামাটা দুপুরের খাবারের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে সরাসরি মধ্যাহ্নভোজের নিমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৭ সেপ্টেম্বর) সংসদে ‘তীব্র জ্বালানি ও গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়া এবং দেশের অর্থনীতিতে বিপর্যয় রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ’ শীর্ষক জরুরি আলোচনার সময় এ ঘটনা ঘটে। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আলোচনার একপর্যায়ে প্রধানমন্ত্রীর জীবনাচরণের প্রসঙ্গ টেনে বলেন, “আমরা উৎসাহিত হই যখন দেখি মাননীয় প্রধানমন্ত্রীর লাঞ্চের খরচ মাত্র ১০০ থেকে ১৫০ টাকা। আমার বেশ ভালো লাগে। একদম সত্যি বলছি, এত কম টাকায় তো আমিও খেতে পারি না।”

বিরোধীদলীয় নেতার এমন বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান তাৎক্ষণিকভাবে হাত দিয়ে ইশারা করে তাঁকে দাওয়াত দিয়ে আসার আহ্বান জানান। একই সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও মাইক ছাড়া মুখে ইশারা করে জানান যে তাঁকে খাওয়ানো হবে।

এ সময় বিরোধীদলীয় নেতা জবাবে বলেন, “খাইয়ে দেবেন? অনেক ধন্যবাদ। তবে আমি তো একা খাব না, ১৮ কোটি মানুষকে নিয়েই খেতে চাই। তারপরও এই আন্তরিক প্রস্তাবের জন্য ধন্যবাদ।”

প্রধানমন্ত্রীর সাদামাটা পোশাক ও জীবনযাপনের প্রশংসাও করেন বিরোধীদলীয় নেতা। তবে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দলের ভেতর যাঁরা প্রধানমন্ত্রীকে আইকন মনে করেন, তাঁরা বাস্তবে তাঁর এই সাধারণ জীবনযাপন অনুসরণ করেন না। সরকারি দলের সংসদ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রধানমন্ত্রীকে আইকন মানলে তাঁর মতো সাদামাটা নীতি অনুসরণ করা উচিত এবং অন্ধ অনুকরণ না করে যৌক্তিক সমালোচনা গ্রহণ করা উচিত।

Share