
কিন্তু আমেরিকা মহাদেশের ঠিক কোথায় কলম্বাস জাহাজ থেকে নেমেছিলেন তা নিয়ে শত শত বছর ধরে বিতর্ক চলেছে। অন্তত ১০টি স্থানের বাসিন্দারা দাবি করেন যে কলম্বাস তাদের সেই জায়গাগুলিতেই প্রথম পদধূলি দেন। তবে আমেরিকায় নামার পর কলম্বাস ভেবেছিলেন তিনি জাপানে পৌঁছেছেন।
এখন একদল ইতিহাসবিদ এবং সমুদ্র অভিযাত্রী প্রমাণ করার চেষ্টা করছেন যে ক্রিস্টোফার কলম্বাস ইতালি থেকে যাত্রা শুরু করে মধ্য আমেরিকায় পৌঁছে সেখানকার গ্র্যান্ড টার্ক দ্বীপেই প্রথম অবতরণ করেন। এই দ্বীপটি টার্কস অ্যান্ড কেকস দ্বীপপুঞ্জের রাজধানী। আরেকটি দ্বীপ বাহামাও দাবি করে যে কলম্বাস সান সালভাদরেই প্রথম নামেন।
কলম্বাসের অভিযানকে স্মরণ করতে যুক্তরাষ্ট্রে প্রতি বছর ১২ই অক্টোবর কলম্বাস দিবস পালন করা হয়। এখন টার্কস এবং কেকস দ্বীপের একদল অভিযাত্রী দলটি ঠিক করেছে, কলম্বাস যে পথ ধরে ওয়েস্ট ইন্ডিজ পৌঁছেন সেই একই পথ ধরে তারাও যাত্রা করবেন। তাদের হাতে থাকবে ক্রিস্টোফার কলম্বাসের ব্যক্তিগত ডায়রি এবং তার সেই বিখ্যাত সমুদ্র অভিযানের লগবই। তারা প্রমাণ করার চেষ্টা করবেন যে কলম্বাস আর অন্য কোথাও অবতরণ করেননি।
কলম্বাসই প্রথ আমেরিকায় যান বলে দাবি করা হলেও তার বহু আগে ভাইকিংরা ইওরোপ থেকে আমেরিকায় নেমেছিল বলে জানা যায়। তবে কলম্বাসের হাত ধরেই আমেরিকা মহাদেশের সঙ্গে ইওরোপের সাম্রাজ্যবাদী, বাণিজ্যিক ও সামরিক সম্পর্কের সূত্রপাত ঘটে।
