আজ ৩ দেশে ঈদ, শুক্র-শনি বাকি বিশ্বে

নয়াবার্তা ডেস্ক : শাওয়াল মাসের চাঁদ দেখা নিয়ে ভিন্নতার কারণে এ বছর পবিত্র ঈদুল ফিতর উদযাপনে তিন ধরনের তারিখ দেখা যাচ্ছে। আজ (১৯ মার্চ) বিশ্বের তিনটি দেশে ঈদ উদযাপিত হচ্ছে। অন্যদিকে অধিকাংশ দেশ আগামীকাল শুক্রবার এবং এ পর্যন্ত একটি দেশ শনিবার ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে। বাংলাদেশসহ বেশ কিছু দেশে আজ সন্ধ্যায় চাঁদ দেখার ওপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

আফগানিস্তানে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর:
শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আফগানিস্তানে বৃহস্পতিবার (১৯ মার্চ) উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। তালেবান প্রশাসন বুধবার গভীর রাতে এ ঘোষণা দেয়।

আফগান বার্তা সংস্থা খামা প্রেস এজেন্সি জানায়, দেশটির দক্ষিণাঞ্চলের হেলমান্দ এবং পশ্চিমাঞ্চলের ফারাহ ও গোর প্রদেশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। স্থানীয় বাসিন্দাদের সাক্ষ্য যাচাই করে সরকার পরিচালিত চাঁদ দেখা কমিটি এ সিদ্ধান্ত অনুমোদন করে।

তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বৃহস্পতিবারকে ঈদের প্রথম দিন ঘোষণা করে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

এমনকি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশটিতে বিপুল সংখ্যক বন্দিদের মুক্তি দেওয়া হয়েছে। আফগান সম্প্রচার মাধ্যম তোলো নিউজের প্রতিবেদন অনুসারে, আফগান সরকার বুধবার ৪ হাজার ৫৯৬ জন বন্দীকে মুক্তি ও আরও ৪ হাজার ৪০৭ জন বন্দীর সাজা কমানো হয়েছে।

এদিকে আফগানিস্তানের এ সিদ্ধান্তের কারণে অন্যান্য মুসলিম দেশের সঙ্গে ঈদের তারিখে পার্থক্য তৈরি হয়েছে।

সৌদি আরব জানিয়েছে, বুধবার চাঁদ দেখা না যাওয়ায় দেশটিতে শুক্রবার ঈদ উদযাপিত হবে। একই সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও কুয়েত।

এছাড়া তুরস্ক ও অস্ট্রেলিয়া জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী শুক্রবার ঈদ নির্ধারণ করেছে। ইয়েমেন, লেবানন, ফিলিস্তিন ও ইরাকেও একই দিনে ঈদ উদযাপন করা হবে।

বিশেষজ্ঞরা বলছেন, চাঁদ দেখার পদ্ধতির ভিন্নতার কারণেই দেশভেদে ঈদের তারিখ আলাদা হয়। কিছু দেশ সরাসরি চাঁদ দেখার ওপর নির্ভর করে, আবার কিছু দেশ জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুসরণ করে।

উল্লেখ্য, ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার আগে আফগানিস্তান সাধারণত সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের তারিখ নির্ধারণ করত। তবে সাম্প্রতিক সময়ে দেশটি নিজস্ব চাঁদ দেখার প্রক্রিয়ার ওপর বেশি গুরুত্ব দিচ্ছে।

বৃহস্পতিবার যেসব দেশে ঈদ:
চাঁদ দেখার পরিপ্রেক্ষিতে আজ ঈদ উদযাপন করছে দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তান। এছাড়া পশ্চিম আফ্রিকার দুই দেশ মালি এবং নাইজারের মুসলিমরাও আজ ঈদ করছেন।

শুক্রবার যেসব দেশে ঈদ:
গত বুধবার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়া এবং জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে বেশ কিছু দেশ আগামী শুক্রবার (২১ মার্চ) ঈদুল ফিতর উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। এদের মধ্যে রয়েছে—

মধ্যপ্রাচ্য ও এশিয়া:

সৌদি আরব
সংযুক্ত আরব আমিরাত
বাহরাইন
কাতার
কুয়েত
তুরস্ক
মালদ্বীপ
লেবানন
ফিলিস্তিন
ইয়েমেন
ইরাক

আফ্রিকার দেশগুলো:

সুদান
জিবুতি
সোমালিয়া
উগান্ডা
নাইজেরিয়া
চাদ
গাম্বিয়া
গিনি
বেনিন
সেনেগাল
ক্যামেরুন

শনিবার যেসব দেশে ঈদ :
সিঙ্গাপুর আগামী শনিবার (২১ মার্চ) ঈদ উদযাপন করবে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে দেশটি এ সিদ্ধান্ত জানিয়েছে।

যেসব দেশে এখনো ঘোষণা হয়নি:
এখনো কিছু দেশ ঈদের তারিখের চূড়ান্ত ঘোষণা দেয়নি। এর মধ্যে রয়েছে—

গ্যাবন
টোগো
আইভরি কোস্ট
সিয়েরা লিওন
গিনি-বিসাউ
সুরিনাম

চাঁদ দেখার অপেক্ষায় যেসব দেশ:
বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদ দেখার চেষ্টা করবে আরও অনেক দেশ। এর ওপর নির্ভর করবে সেখানে ঈদ শুক্রবার নাকি শনিবার হবে। এসব দেশের মধ্যে রয়েছে—

বাংলাদেশ
ভারত
পাকিস্তান
ইন্দোনেশিয়া
মালয়েশিয়া
ব্রুনেই
ইরান
ওমান
জর্ডান
সিরিয়া
মিশর
লিবিয়া
তিউনিসিয়া
আলজেরিয়া
মরক্কো
মৌরিতানিয়া

মূলত চাঁদ দেখার ভিন্ন পদ্ধতির কারণে বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন দিনে ঈদ উদযাপিত হচ্ছে। ফলে এ বছর তিনদিনে বিভক্ত হয়ে ঈদ উদযাপন করবে মুসলিম বিশ্ব।

সূত্র: গালফ নিউজ, সৌদি গ্যাজেট

Share