
নয়াবার্তা প্রতিবেদক : জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতার কারণে যেকোনো সময় দেশের সমস্ত পেট্রল পাম্পগুলো বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
ঈদের ছুটির পুরো সময়জুড়েই রাজধানীসহ দেশের অধিকাংশ পাম্প ছিল তেলশূন্য। যেসব পাম্পে তেল ছিল, সেখানেও রেশনিং করে বিক্রি করা হচ্ছিল। অনেক পাম্পে মোটরসাইকেল ও গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। মধ্যপ্রাচ্যের সংঘাতকে কেন্দ্র করে বৈশ্বিক সরবরাহ নিয়ে উদ্বেগ এবং দেশীয় আতঙ্ক—এই দুইয়ের প্রভাবে শুরু হওয়া জ্বালানি তেলের অস্থিরতা ঈদের আগে কিছুটা কমলেও ছুটির সময় তা আবার তীব্র আকার ধারণ করে।
সংশ্লিষ্টদের মতে, ঈদের ছুটির কারণে ব্যাংক ও ডিপো বন্ধ থাকায় পাম্প মালিকরা নতুন করে তেল তুলতে পারেননি। ফলে মজুত দিয়েই সংকট সামাল দেওয়ার চেষ্টা করেছেন তারা। কোথাও কোথাও তেল না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকদের বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
রোববার ঢাকার শ্যামলী এলাকায় সাইফুল ইসলাম নামে এক বাইকার সকাল থেকে কয়েকটি পাম্প ঘুরে শেষে একটি পাম্পের লাইনে দাঁড়ান। দীর্ঘ অপেক্ষার পরও তেল না পেয়ে ফিরে যেতে হয় তাকে।
মিরপুরের বাসিন্দা রাকিব হাসান জানান, ঈদের দিন কাজের প্রয়োজনে বের হয়ে অন্তত ৮-১০টি পাম্প ঘুরেছেন তিনি। কোথাও অকটেন পাননি। শেষ পর্যন্ত বিজয়সরণীর ট্রাস্ট পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ২০০ টাকার তেল নিয়ে ফিরতে হয়েছে তাকে।
চট্টগ্রামের অধিকাংশ পাম্প বন্ধ। যে দু-একটি খোলা ছিল, সেখানে ছিল দীর্ঘ যানবাহনের লাইন। স্থানীয় বাসিন্দা মাহমুদুল করিম বলেন, শুক্রবার দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ৩০০ টাকার তেল পেয়েছি। এর চেয়ে বেশি দেয়নি।
রাজশাহী এলাকায়ও একই চিত্র। তেল কিনতে এক পাম্প থেকে আরেক পাম্পে ছুটছেন বাইকাররা। শহরের কাদিরগঞ্জ এলাকার তানভীর আহমেদ বলেন, আজ (রোববার) তিনটা পাম্প ঘুরে শেষে যেটাতে পেয়েছি, সেখানেও সীমা বেঁধে দিয়েছে।
রংপুর নগরীতেও সংকট প্রকট আকার নিয়েছে। সেখানে অনেক পাম্প পুরোপুরি বন্ধ। খোলা পাম্পে তেল নিতে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। স্থানীয় বাইকার সুমন মিয়া বলেন, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকে খালি হাতে ফিরছেন।
দিনাজপুরের বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, অকটেনের তীব্র সংকট রয়েছে। দুই একটি পাম্পে ২০০ টাকার সীমায় তেল দেওয়া হচ্ছে।
এ পরিস্থিতিতে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাজমুল হক বলেন, বেশিরভাগ পাম্পে তেল নেই। যে দু-একটি পাম্পে আছে, সেখানে স্বাভাবিকভাবেই চাপ বেড়েছে।
তিনি জানান, মূল সমস্যা হচ্ছে পে-অর্ডার সংকট। ব্যাংক বন্ধ থাকায় আমরা পে-অর্ডার করতে পারছি না। পে-অর্ডার ছাড়া ডিপো থেকে তেল তোলা সম্ভব না। তাই চাইলেও পাম্পে সরবরাহ বাড়ানো যাচ্ছে না। ঈদের ছুটির পর সোমবার ডিপো খোলার কথা রয়েছে।
নাজমুল হক আরও বলেন, ব্যাংক না খুললে ডিপো খুলে লাভ নেই। পে ওর্ডার ছাড়া ডিপো থেকে তেল আনা যায় না।
আগে সরকারি ছুটির বন্ধে চেকের বিনিময়েও তেল নিতে পারত পাম্প মালিকরা। কিন্তু চেক নিয়ে ঝামেলার কারণে এই সুবিধা তুলে নেওয়া হয়।
সরকার গত ৬ মার্চ জ্বালানি বিক্রিতে রেশনিং চালু করলেও ১৫ মার্চ তা তুলে নেওয়া হয়। তবে বাস্তবে সরবরাহ স্বাভাবিক না হওয়ায় ভোগান্তি কমেনি। বরং টানা ছুটির কারণে সংকট আরও প্রকট হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সব মিলিয়ে, ঈদের ছুটিতে জ্বালানি তেলের এই সংকট সাধারণ মানুষের চলাচল ও দৈনন্দিন জীবনে বড় ধরনের প্রভাব ফেলেছে। দীর্ঘ লাইন, সীমিত বিক্রি আর অনিশ্চয়তার মধ্যে পড়ে অনেকের ঈদের আনন্দও ম্লান হয়েছে।
বাংলাদেশ পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন ২২ মার্চ রবিবার রাতে গণমাধ্যমে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় যে, জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতার কারণে যেকোনো সময় দেশের সমস্ত পেট্রল পাম্পগুলো বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশের পেট্রল পাম্পগুলোর অবস্থা খুবই করুণ। কারণ, কম্পানি থেকে পাওয়া দৈনিক তেল দিয়ে ক্রেতাদের চাহিদা পূরণ সম্ভব হচ্ছে না।
ফলে তেল নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকছেন মোটরসাইকেল ব্যবহারকারীরা। একইসঙ্গে দীর্ঘ সময় বিরামহীন দায়িত্ব পালনের অভ্যাস না থাকায় শারীরিক ও মানসিকভাবে চাপে পড়ছেন পাম্পে কর্মরতরা। সব মিলিয়ে পর্যাপ্ত তেল সরবরাহ না পাওয়ার কারণে যেকোনো সময় সারা দেশের পেট্রল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে। এর আগে, পেট্রল পাম্পে নিরাপত্তার প্রয়োজন বলে জানিয়েছিল সংগঠনটি।
তবে জ্বালানি বিপণন ব্যবস্থায় নিরাপত্তার বিষয়টি সরকার ও জেলা প্রশাসন কার্যত উপেক্ষা করছে। পাম্পগুলোতে তেল বিক্রির সময় কোনো কার্যকর নিরাপত্তা ব্যবস্থা না থাকায় বিশৃঙ্খলা বাড়ছে বলে তাদের দাবি।
সংগঠনটির দাবি, ঈদের আগের দিন একটি পাম্পে সাড়ে ১০ হাজার ৫০০ লিটার পেট্রল ও একই পরিমাণ অকটেন মজুদ ছিল। তাদের আরেকটি পাম্পে ছিল প্রায় আট হাজার লিটার জ্বালানি।
স্বাভাবিক হিসাবে এ মজুদ কয়েকদিন বিক্রি করার কথা থাকলেও হঠাৎ অতিরিক্ত চাপ ও বিশৃঙ্খলার কারণে অল্প সময়েই তা শেষ হয়ে যায়। এ পরিস্থিতিকে এক ধরনের লুটতরাজ বলে উল্লেখ করেছে পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
একেকজন দৈনিক একাধিকবার তেল নিতে আসছেন বলে অভিযোগ করে সংগঠঠনটি থেকে বলা হয়, প্রশাসনের নির্দেশনা মেনে তেল বিক্রি করছে পাম্পগুলো। কিন্তু, অনেক মোটরসাইকেল চালক দিনে ১০ বারের মতো তেল নিয়ে বাইরে বেশি দামে বিক্রি করছেন। আবার অনেকেই আংশিক ভর্তি ট্যাংক নিয়েই বারবার তেল নিতে আসছেন। এতে প্রকৃত প্রয়োজনীয় গ্রাহকরা বঞ্চিত হচ্ছেন এবং পাম্পে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে।
এ ছাড়া গভীর রাতে সংঘবদ্ধভাবে পাম্পে এসে মব সৃষ্টি করে পেট্রল পাম্প খুলিয়ে জোরপূর্বক তেল নেওয়ার ঘটনা ঘটেছে বলেও অভিযোগ রয়েছে। ঠাকুরগাঁওয়ের একটি ঘটনার প্রসঙ্গ টেনে বলা হয়, সেখানে জ্বালানি সরবরাহ চলাকালীন লাঠিসোঁটা নিয়ে সব শেষ করে দেওয়া হয়েছে। এমন ঘটনা সব পেট্রল পাম্প মালিকদের ভাগ্যেই ঘটতে চলেছে। এখানে ন্যূনতম নিরাপত্তা নেই।
পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের দাবি, বর্তমানে জ্বালানি তেলের ঘাটতির সঙ্গে রাষ্ট্রের পক্ষ থেকে পেট্রল পাম্পের নিরাপত্তাবিষয়ক ইস্যুগুলো আরো বেশি সংকটাপন্ন হয়ে উঠছে। এ পরিস্থিতিতে ডিপো থেকে তেল পরিবহনের সময়ও নিরাপত্তা ঝুঁকি রয়েছে। ট্যাংকারগুলো পথে লুট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন অবস্থায় দ্রুত নিরাপত্তা নিশ্চিত না করলে ব্যবসা বন্ধ করে দেওয়া ছাড়া কোনো পথ খোলা নেই বলে শঙ্কা প্রকাশ করেন তারা।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, ঈদের আগের দিন রাতে অনেক পেট্রল পাম্পে অ্যাম্বুলেন্সের জন্য মাত্র ২০০ লিটার অকটেনও সংরক্ষিত রাখা সম্ভব হয়নি। জোর করে পাম্প খুলে সেই জ্বালানি নিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। তাই পাম্পে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্তিশালী উপস্থিতি নিশ্চিত না করলে ডিপো থেকে তেল লিফটিং (সংগ্রহ) বন্ধ করা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না।
