
নয়াবার্তা প্রতিবেদক : মে মাসের তুলনায় জুনে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমেছে। মূলত খাদ্যদ্রব্যের দামের নিম্নগতির কারণেই এই কমতি এসেছে। ফলে নিত্যপণ্যের বাজারে সাধারণ ভোক্তাদের মধ্যে সাময়িক স্বস্তি মিলেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) তাদের হালনাগাদ মাসিক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। জুন মাসে জাতীয় পর্যায়ে সাধারণ পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি মে মাসের তুলনায় কিছুটা কমেছে।
মে মাসে সাধারণ মূল্যস্ফীতির হার ৯ দশমিক ৪২ শতাংশ থাকলেও জুন মাসে তা কমে ৯ দশমিক ১৬ শতাংশে দাঁড়িয়েছে। এই সময়ে খাদ্য খাতে মূল্যস্ফীতি মে মাসের ৯ দশমিক ০৬ শতাংশ থেকে কমে হয়েছে ৮ দশমিক ৬০ শতাংশ। অন্যদিকে, খাদ্যবহির্ভূত খাতের মূল্যস্ফীতিও ৯ দশমিক ৭১ শতাংশ থেকে সামান্য কমে ৯ দশমিক ৬১ শতাংশে নেমেছে।
চলন্ত গড় মূল্যস্ফীতির ক্ষেত্রে বার্ষিকভিত্তিতে বড় ধরনের উন্নতির চিত্র দেখা গেছে। জুলাই ২০২৫ থেকে জুন ২০২৬ পর্যন্ত ১২ মাসের গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৬৮ শতাংশ। আগের বছরের একই সময়ে এই গড় হার ছিল ১০ দশমিক ০৩ শতাংশ। বিবিএসের হিসাব অনুযায়ী, বার্ষিক গড় মূল্যস্ফীতি আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
তবে গত বছরের জুনের তুলনায় চলতি বছরের একই মাসে মূল্যস্ফীতির হার বেশি ছিল। ২০২৫ সালের জুনে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৪৮ শতাংশ, যা এবার বেড়ে ৯ দশমিক ১৬ শতাংশ হয়েছে। এছাড়া ২০২৫ সালের জুনে খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ৩৯ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৩৭ শতাংশ থাকলেও এ বছর তা যথাক্রমে ৮ দশমিক ৬০ শতাংশ ও ৯ দশমিক ৬১ শতাংশে পৌঁছেছে।
