সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটিতে ২৫৭ কোটি টাকার ২ প্রস্তাব অনুমোদিত

নয়াবার্তা প্রতিবেদক : বিদ্যুৎ ও গ্রামীণ অবকাঠামো খাতের দু’টি উন্নয়ন প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটি (সিসিজিপি)। এ দু’টি প্রস্তাবের সম্মিলিত আর্থিক মূল্য ২৫৭ কোটি টাকার বেশি। আজ বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সিসিজিপির চলতি বছরের ৩০তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে বিদ্যুৎ বিভাগের ‘নেসকো এলাকায় নেটওয়ার্ক অবকাঠামো ও বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকীকরণ’ প্রকল্পের একটি প্রস্তাব অনুমোদন করা হয়। প্যাকেজ নম্বর জিডি-৬ (পি-০৬) এর আওতায় রংপুর জোনে ৯টি ৩৩/১১ কেভি এআইএস সাবস্টেশন আপগ্রেডেশনের নকশা প্রণয়ন, সরবরাহ, স্থাপন, পরীক্ষা ও কমিশনিং কাজ অন্তর্ভুক্ত রয়েছে। ১৪১ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ের এ কাজের ঠিকাদার হিসেবে অ্যাডেক্স কর্পোরেশন লিমিটেড (এসিএল) ও অ্যাডেক্স ইঞ্জিনিয়ারিং লিমিটেডের (এইইএল) যৌথ উদ্যোগকে নির্বাচন করা হয়েছে।

এছাড়া স্থানীয় সরকার বিভাগের ‘গ্রামীণ সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পের একটি ভ্যারিয়েশন প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়। পঞ্চগড় জেলার বোদা উপজেলায় প্যাকেজ নম্বর সিআইবি২-প্যান-ডব্লিউ-৩০ এর আওতায় ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের বাস্তবায়নাধীন কাজের জন্য এ ভ্যারিয়েশন অনুমোদন করা হয়েছে।

এ প্রকল্পের মূল চুক্তিমূল্য ছিল ১১০ কোটি টাকা। ভ্যারিয়েশনের ফলে এতে আরো ৬ কোটি ৯ লাখ টাকা যোগ হয়ে ব্যয় ৫ দশমিক ৫৪ শতাংশ বেড়ে সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ১১৬ কোটি ৯ লাখ টাকা।

অনুমোদিত প্রস্তাবগুলো বাস্তবায়ন হলে দেশের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা শক্তিশালী হওয়ার পাশাপাশি গ্রামীণ যোগাযোগ অবকাঠামো উন্নয়নে সহায়ক হবে।

Share