বাংলাদেশও ঘুরে দাঁড়াতে পারে: শরিফুল

খেলা এখনো অনেক বাকি

নয়াবার্তা ডেস্ক : ম্যাকাই টেস্টের প্রথম দিনটা বাংলাদেশের জন্য শুরু হয়েছিল দুঃস্বপ্নের মতো। মিচেল স্টার্কের তাণ্ডবে মাত্র ৬৪ রানে অলআউট হয়ে ম্যাচ থেকেই ছিটকে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছিল। তবে বল হাতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ক্যারিয়ারে প্রথমবার পাঁচ উইকেটের স্বাদ পাওয়ার পরও থামেননি শরিফুল ইসলাম।

নিয়েছেন ৬ উইকেট, ফিরিয়েছেন অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ ব্যাটারদের। প্রথম দিন শেষে ৮ উইকেটে ১৬৫ রান করেছে অস্ট্রেলিয়া।
১০১ রানে পিছিয়ে থাকলেও এখনো ম্যাচে ফেরার সুযোগ দেখছেন শরিফুল, ‘ড্রেসিংরুমে একটাই বার্তা ছিল, এখনো খেলা শেষ হয়নি।’
ব্যাটিংয়ে ব্যর্থ হওয়ার পর বোলিংয়ে ঘুরে ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাসও বেড়েছে বাংলাদেশের।

১০১ রানের লিড নিলেও শরিফুলের বিশ্বাস, ম্যাচ এখনো হাতের বাইরে যায়নি। তার পরিষ্কার কথা, ‘এখনো তো খেলা শেষ হয়নি। প্রথম দিন গেছে। আমরা ব্যাটিংয়ে আজ একটু খারাপ করেছি। কিন্তু ইনশাআল্লাহ দেখা যাক কী হয়। সেকেন্ড ইনিংসে কতটুকু ঘুরে দাঁড়াতে পারি।’
৬৪ রানে অলআউট হওয়ার পরও ড্রেসিংরুমের বার্তাটাও ছিল পরিষ্কার, ম্যাচ এখনো শেষ হয়ে যায়নি। এ প্রসঙ্গে শরিফুল বলেন, ‘ড্রেসিংরুমে একটাই বার্তা ছিল, যে এখনো খেলা শেষ হয়নি। সো, আমাদেরও… (সুযোগ) আছে।’

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে একাই ৬ উইকেট নিয়েছেন শরিফুল। ফিরিয়েছেন ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, বিউ ওয়েবস্টার, প্যাট কামিন্স ও মিচেল স্টার্ককে। তার ৬ উইকেটেই অস্ট্রেলিয়ার শক্তিশালী ব্যাটিং লাইনআপে বড় ধাক্কা দিয়েছে বাংলাদেশ।

এই সাফল্যের পেছনে কন্ডিশনের সুবিধার কথাও বলেছেন শরিফুল। তার মতে, নির্দিষ্ট জায়গা থেকে বাতাসের সুবিধা এবং উচ্চতা কাজে লাগিয়ে সাফল্য পেয়েছেন তিনি, ‘আমরা যে পাশ থেকে বোলিং করছিলাম ওইখানে একটু বাতাস ছিল, আমাদের হাইটও ছিল। যার কারণে বল একটু বেশি সুইং করছিল।’

সকালে স্টার্কের বোলিং দেখে তার নিজের মধ্যেও ভালো করার ক্ষুধা তৈরি হয়েছিল। ৬৪ রানে বাংলাদেশ অলআউট হওয়ার পর ড্রেসিংরুম থেকে স্টার্কের তাণ্ডব দেখেছেন শরিফুল, ‘অস্ট্রেলিয়ান কন্ডিশনে অলওয়েজ ফাস্ট বোলাররা খুব ভালো করে। তাদের ফাস্ট বোলাররা… স্টার্ক অনেক দিন ধরেই ভালো করছিল। দেখছিলাম, কোন লেংথে বল করলে বোলারদের জন্য ভালো অ্যাডভান্টেজ হয়।’

কেবল বোলিংয়েই নয় ব্যাট হাতে দলের সর্বোচ্চ রান করেছেন শরিফুল। ১১ নম্বরে নেমে ১৯ বলে ১৪ রান করে তাইজুল ইসলামের সঙ্গে শেষ উইকেটে গড়েছেন ২৫ রানের জুটি। এই জুটিই বাংলাদেশকে ৪৩ রানের নিচে অলআউট হওয়ার বিব্রতকর শঙ্কা থেকে বাঁচায়। তবে উইকেটে ব্যাট করা যে সহজ ছিল না, সেটি বুঝতে পেরেছেন তিনিও, ‘এটা শুধু আমাদের না, দেখেন তারাও কিন্তু স্ট্রাগল করছিল। ইনশাআল্লাহ, নেক্সট ইনিংসে আমরা ভালো করব।’

ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রান করা বাংলাদেশ এবার ৬৪ রানে গুটিয়ে গেছে। এখানে টস বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন শরিফুল। নতুন বলে ম্যাকাইয়ের উইকেটে বোলারদের জন্য বাড়তি সুবিধা ছিল বলে মনে করেন বাঁহাতি এই পেসার, ‘এখানে নতুন বলে একটু সুইং করছিল। ওটাও অ্যাডভান্টেজ হিসেবে কাজে লাগিয়েছে। আমরা হয়তো নেক্সট ম্যাচে এটা চেষ্টা করব।’

বাংলাদেশের ব্যাটিংয়ে সবচেয়ে বড় জুটি গড়েছেন শরিফুল ও তাইজুল। অথচ দলের মূল ব্যাটারদের কেউই উল্লেখযোগ্য জুটি গড়তে পারেননি। এমন পরিস্থিতিতে উইকেট কীভাবে ব্যাট করতে হবে; এ প্রশ্নে শরিফুলের উত্তরও ছিল সংক্ষিপ্ত, ‘ইনশাআল্লাহ, নেক্সট ইনিংসে আমরা ভালো করব।’

সকালে বাংলাদেশের ৬ উইকেট নেওয়া স্টার্ককে বিকেলে বোল্ড করেছেন শরিফুল। তবে এটিকে ব্যক্তিগত প্রতিশোধ হিসেবে দেখছেন না তিনি, ‘না, না, এটা তো ওভাবে দেখা যায় না ভাই। উনি (স্টার্ক) আমাকে আউট করেছেন, আমিও চেষ্টা করেছি… তো হয়ে গেছে (আউট), আলহামদুলিল্লাহ।’

Share