
বন্ড সুবিধায় বিনাশুল্কে আমদানি করা সুতা, কাঁচামাল ও রাসায়নিকের মজুদের হিসাবে অসংগতি পাওয়ার পর নারায়ণগঞ্জের ছয়টি টেক্সটাইল কারখানায় অভিযান চালিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
সেই অভিযানে এসব প্রতিষ্ঠানে প্রাথমিকভাবে ২৬৯ কোটি ৪৮ লাখ ৫৫ হাজার ৮০৭ টাকার শুল্ক-কর ফাঁকির তথ্য পাওয়ার কথা জানানো হয়েছে অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে।
বুধবার ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ অক্টোবর নারায়ণগঞ্জের রূপগঞ্জ, বন্দর ও আড়াইহাজার এলাকায় ছয়টি বন্ডেড টেক্সটাইল কারখানায় একযোগে অভিযান চালায় সিআইআইডির একাধিক প্রতিরোধ দল। অভিযানে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সহযোগিতা নেওয়া হয়।
অভিযোগ ছিল, ওই কোম্পানিগুলো বন্ড সুবিধায় শুল্ক-করমুক্তভাবে আমদানি করা সুতা, কাঁচামাল ও রাসায়নিক উৎপাদনে ব্যবহার না করে অবৈধভাবে খোলাবাজারে সরবরাহ করেছে। এর মাধ্যমে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকির আশঙ্কা তৈরি হয়েছে।
অভিযানের সময় কারখানাগুলোর গুদামে মজুদ সুতা, কাপড়, রাসায়নিক ও অন্যান্য কাঁচামালের প্রকৃত পরিমাণের সঙ্গে সংশ্লিষ্ট স্টক রেজিস্ট্রার এবং কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেমের (সিবিএমএস) তথ্যের ‘ব্যাপক অসংগতি’ পাওয়ার কথা বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
পরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) থেকে আমদানিসংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে ছয় কোম্পানিতে মোট ২৬৯ কোটি ৪৮ লাখ ৫৫ হাজার ৮০৭ টাকার শুল্ক-কর ফাঁকির প্রাথমিক তথ্য পাওয়া যায় বলে সিআইআইডি জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রূপগঞ্জের সিম ফেব্রিক্স লিমিটেড, যেখানে প্রায় ৯০ কোটি ৭৭ লাখ টাকা; বন্দরের জাহিন নীটওয়্যার্স লিমিটেডে প্রায় ৬৪ কোটি ৬১ লাখ টাকা; রূপগঞ্জের সানজানা ফেব্রিক্স লিমিটেডে প্রায় ৬০ কোটি ৩৩ লাখ টাকা এবং আড়াইহাজারের বোনাফাইড নিটিং মিলস লিমিটেডে প্রায় ৩৯ কোটি ৫০ লাখ টাকার শুল্ক-কর ফাঁকির প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
এ ছাড়া রূপগঞ্জের মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেডে প্রায় ৪ কোটি ৮৩ লাখ টাকা এবং বন্দরের জামাল উদ্দিন টেক্সটাইলস প্রাইভেট লিমিটেডে প্রায় ৯ কোটি ৪৫ লাখ টাকার শুল্ক-কর ফাঁকির তথ্য পাওয়া গেছে।
সিআইআইডি বলছে, বন্ড সুবিধার মূল উদ্দেশ্য রপ্তানিমুখী শিল্পকে প্রতিযোগিতামূলক অবস্থানে রাখা। এ সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত কাঁচামাল অনুমোদিত উৎপাদন ও রপ্তানির পরিবর্তে খোলাবাজারে বিক্রি করা হলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়। একই সঙ্গে শুল্ক-কর পরিশোধ করে কাঁচামাল আমদানি করা বৈধ ব্যবসায়ীরা অসম প্রতিযোগিতার মুখে পড়েন।
“অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ সুতা ও কাপড়ের ঘাটতি এবং অন্য কয়েকটিতে ঘোষিত হিসাবের তুলনায় অতিরিক্ত মজুত পাওয়া গেছে। এসব অসংগতি বন্ড সুবিধার সম্ভাব্য অপব্যবহার ও রাজস্ব ফাঁকির ঝুঁকি নির্দেশ করছে।”
চূড়ান্ত তদন্তে আরও অনিয়মের তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করছে সিআইআইডি। অধিদপ্তর বলছে, অভিযানকালে সংশ্লিষ্ট কোম্পানিগুলো থেকে আমদানি, উৎপাদন, মজুদ ও ব্যবহারের তথ্যসহ প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়েছে। এসব তথ্যের যাচাই-বাছাই ও বিশ্লেষণ চলছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিকভাবে পাওয়া ২৬৯ কোটি ৪৮ লাখ ৫৫ হাজার ৮০৭ টাকার শুল্ক-কর ফাঁকির পরিমাণ চূড়ান্ত তদন্তে পরিবর্তিত হতে পারে। তদন্ত শেষে প্রকৃত রাজস্ব ফাঁকির পরিমাণ নির্ধারণ করে সংশ্লিষ্ট অনিয়মের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
