গোপালগঞ্জে পুলিশ-আনসার বিজিবির নিরাপত্তা বলয়

গ্রেপ্তার-রিমান্ডে আ.লীগ-ছাত্রলীগের নেতাকর্মী

বিশেষ প্রতিবেদক: গোপালগঞ্জে লগি-বইঠার আন্দোলনে আওয়ামী লীগের মহড়ার পর সেখানকার নিরাপত্তাবলয় গড়ে তুলতে প্রশাসন ১০ প্লাটুন বিজিবি ও আট প্লাটুন আনসার মোতায়েনের পাশাপাশি সাঁজোয়া যান, ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরায় নজরদারি চালাচ্ছে। পুলিশের সংখ্যাও বাড়ানো হয়েছে। ইতিমধ্যে সেখানকার জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) প্রত্যাহার করেছে সরকার। সরকারের দায়িত্বশীল সূত্র বলছে, নিরাপত্তা বাড়িয়ে পরিস্থিতি নজরে রাখছে তারা। বিগত দুই দিনে উচ্চপর্যায়ের দুটি বৈঠকও হয়েছে। সরকারের চিন্তা ধৈর্য ধরে থাকা। তবে আইনশৃঙ্খলার অবনতি হলে এবং অরাজকতা তৈরি করলে সরকার কঠোর হবে।

গোপালগঞ্জের ঘটণার জেরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ও আটকের ঘটনা বেড়েছে। ১৫ ও ১৬ নভেম্বরের অভিযানে ঢাকা, ফরিদপুর ও সিলেটে দলগুলোর একাধিক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। রাজধানীর আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের মামলায় ছাত্রলীগের সাবেক নেতাসহ দুজনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। একই দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে মারধর করে প্রক্টর অফিসে হস্তান্তর করেছেন ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা। পুলিশের তথ্য অনুযায়ী, ১৫ নভেম্বর সন্ধ্যা থেকে ১৬ নভেম্বর ভোর পর্যন্ত রাজধানীর খিলগাঁও, ধানমন্ডি ও রূপনগরে পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে আটক করা হয়।

খিলগাঁওয়ের তিলপাপাড়া থেকে আটক হন মতিঝিলের ১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহসাংগঠনিক সম্পাদক শওকত আলী (৪৫), আওয়ামী লীগের সক্রিয় সদস্য জেহাদুল ইসলাম (৫১) এবং খিলগাঁও বউবাজার ইউনিট আওয়ামী লীগের সহসভাপতি ও যুবলীগের প্রচার সম্পাদক সুমন ওরফে মুরগি সুমন (২৮)। ধানমন্ডি থেকে আটক হন বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আল আমিন ও উপদপ্তর সম্পাদক জুবায়ের।

ধানমন্ডি থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম জানান, ছাত্রলীগের ওই তিন নেতা সেখানে আত্মগোপনে ছিলেন। স্থানীয় ছাত্রদল, গোয়েন্দা সংস্থা ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁদের আটক করে। রূপনগরে মিছিলের প্রস্তুতিকালে আটক হন থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাকিল হাসান আলিফ (২০), বঙ্গবন্ধু সৈনিক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ ইসলাম (৩১), ছাত্রলীগকর্মী গোলাম রাব্বি (২২) ও মো. জাহিদ (২৬)।

ফরিদপুরের মধুখালীতে থানা হামলা ও ভাঙচুরের মামলায় গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান পিন্টু ও কামারখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি পলাশ বিশ্বাস। মধুখালী থানার ওসি সুকদেব রায় জানান, তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। ১৫ নভেম্বর রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

সিলেট নগরে পৃথক অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের সাতজনকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে চারজন শিশু। এ ছাড়া ভারত থেকে দেশে ফেরার সময় ভোমরা সীমান্তে আটক হয়েছেন কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী আজহারুল ইসলাম মানিক (৪০)।

জবিতে পাঁচ কর্মকর্তাকে মারধর : আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ১৬ নভেম্বর সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তর থেকে পাঁচ কর্মকর্তাকে আটক করেন শাখা ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা। এ সময় তাঁদের মারধর করে প্রক্টর অফিসে হস্তান্তর করা হয়। আটক কর্মকর্তারা হলেন পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডল, অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক সঞ্জয় কুমার পাল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী রেজিস্ট্রার জুনায়েদ হোসেন, রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার নুরুল হুদা এবং ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান রনি।

এ ছাড়া বাংলা বিভাগের দেয়ালচিত্রে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি থাকায় বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোজাহারুল আলম সেলিমকে অবরোধ করে জিজ্ঞাসাবাদ করেন শিক্ষার্থীরা। প্রতিকৃতিটিও জব্দ করা হয়।

ছাত্রশক্তির জবি শাখার সভাপতি শাহীন মিয়া বলেন, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং এখনো সক্রিয় কর্মকাণ্ডে যুক্ত কর্মকর্তাদের সঙ্গে কোনো আপস করা হবে না। আটক ব্যক্তিদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে।

শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা ক্যাম্পাসের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছেন। আওয়ামী লীগ ও ছাত্রলীগের পদধারী কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সহিংসতায় অর্থায়নের সুনির্দিষ্ট তথ্য তাঁদের কাছে রয়েছে বলে দাবি করেন তিনি। এসব অভিযোগের ভিত্তিতে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নাসির আহমাদ বলেন, অভিযোগগুলো যাচাই-বাছাই করে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।
ককটেল মামলায় রিমান্ড : ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের মামলায় কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক উপসম্পাদক মো. ফয়সাল ও তাঁর সহযোগী সুকুমার হাওলাদারের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত ৯ নভেম্বর বিস্ফোরণের ঘটনায় তাঁদের আটক করা হয়েছিল। বিস্ফোরণের পেছনে কারা জড়িত, তা জানতে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।
গোপালগঞ্জে বাড়তি নিরাপত্তা : ১৫ নভেম্বর গোপালগঞ্জ শহরে আওয়ামী লীগের নেতাকর্মীদের সশস্ত্র মহড়া, পুলিশের সাঁজোয়া যান ও পুলিশ বক্স ভাঙচুর, জুলাই স্মৃতিস্তম্ভ এবং হাদি চত্বরের নামফলক ভাঙচুরের ঘটনা ঘটে। সন্ধ্যায় টুঙ্গিপাড়ায় বিএনপি নেতার বাসভবনে অগ্নিসংযোগ এবং পুলিশের এক এসআইকে কুপিয়ে আহত করা হয়।

পরদিন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হলেও সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ১০ প্লাটুন বিজিবির পাশাপাশি আট প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। রয়েছে সাঁজোয়া যান। বিজিবি সদস্যদের শরীরে বডি-ওর্ন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। ড্রোনের মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রম পর্যবেক্ষণ করছে সদর দপ্তর।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ১৬ নভেম্বর দুপুর পর্যন্ত আগের দিনের সহিংসতার ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি বলেও জানান তিনি।

সহিংসতার পর গোপালগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং টুঙ্গিপাড়া, কোটালীপাড়া ও কাশিয়ানী থানার ওসিকে বদলি করা হয়েছে। আগামী ১৯ নভেম্বরের ঘোষিত কর্মসূচিকে সামনে রেখে জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক-মহাসড়ক ও স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Share