
রোববার বিকেল ৫টায় গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যুবলীগ নেতাদের বৈঠকে ডাকেন। যুবলীগ নেতারা সেখানে আসতে শুরু করলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে দেখা যায়নি যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুর রহমান মারুফ, নুরুন্নবী চৌধুরী শাওন ও আতিউর রহমান দিপুকে।
গণভবনে প্রবেশকারী এক নেতা জানান, বৈঠকে যারা থাকবেন তাদের তালিকা টানানো হয়েছে। তালিকায় ওই চার নেতার নাম নেই।
সংগঠনের নেতারা জানিয়েছেন, বিতর্কিত ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠায় তাদের বৈঠকে ডাকা হয়নি। অর্থাৎ এই চার নেতা গণভবনে নিষিদ্ধ হয়েছেন। তারা আগামীতে যুবলীগের কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারবেন না। সংগঠনের জাতীয় কংগ্রেসেও তাদের সম্পৃক্ততা থাকবে না। তাদের দৃষ্টিতে, অতীতে আর কখনোই সংগঠনের কংগ্রেসের আগে এই ধরনের বৈঠক হয়নি। কিছু নেতার বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ ভূমিকার কারণে গণভবনের বৈঠকটি হয়েছে।
