
নয়াবার্তা প্রতিবেদক: খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। ১৪ নভেম্বর থেকে এখন পর্যন্ত আজাদসহ দুই এসপি ও দুই অতিরিক্ত এসপি গ্রেপ্তার হলেন। গত বুধবার গাজীপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে আজাদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বৃহস্পতিবার ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, নুরুজ্জামান জনি হত্যা মামলায় আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গাজীপুরের ওই প্রশিক্ষণকেন্দ্রে কর্মরত ছিলেন।
পুলিশের একাধিক সূত্র বলছে, বাহিনীর ভেতরেই রয়েছে অপরাধের অভিযোগ, তথ্য পাচার ও নাশকতায় যোগসাজশের সন্দেহ। এ কারণেই একের পর এক গ্রেপ্তার হচ্ছেন বাহিনীর কর্মকর্তা। গত ১৪ নভেম্বর থেকে ২৬ নভেম্বর—১২ দিনে দুই পুলিশ সুপার (এসপি) ও দুই অতিরিক্ত পুলিশ সুপারসহ চার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁদের একজনকে গ্রেপ্তার করা হয়েছে ২০১৫ সালে ছাত্রদল নেতা নুরুজ্জামান জনিকে কথিত বন্দুকযুদ্ধের নামে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায়।
বাহিনীর অভ্যন্তরীণ তথ্য পাচার, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ এবং সাম্প্রতিক নাশকতায় যোগসাজশের অভিযোগও উঠেছে কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে। আরও কয়েকজন রয়েছেন গোয়েন্দা নজরদারিতে। একদিকে মাঠে নাশকতা ঠেকানোর প্রস্তুতি, অন্যদিকে বাহিনীর ভেতরেই সন্দেহভাজনদের শনাক্ত—দুই দিকেই তৎপরতা বাড়িয়েছে পুলিশ সদর দপ্তর।
জনি হত্যা মামলায় এসপি গ্রেপ্তার : সর্বশেষ গত বুধবার গাজীপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে এসপি আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২৫তম বিসিএসের এই কর্মকর্তার বিরুদ্ধে খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে হত্যার অভিযোগ রয়েছে।
২০১৫ সালের ১৯ জানুয়ারি ছোট ভাইকে দেখতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে গিয়েছিলেন জনি। পরিবারের অভিযোগ, কারাগারের সামনে থেকে তাঁকে ও তাঁর এক সঙ্গীকে তুলে নিয়ে যায় পুলিশ। পরদিন ভোরে খিলগাঁও খেলার মাঠে বন্দুকযুদ্ধের ঘটনা সাজিয়ে জনিকে গুলি করে হত্যা করা হয়। সে সময় ডিবির দাবি ছিল, বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন জনি।
এ ঘটনায় ২০২৪ সালের সেপ্টেম্বরে খিলগাঁও থানায় ৬২ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন জনির বাবা ইয়াকুব আলী। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও অভিযোগ করা হয়। ট্রাইব্যুনালের চাহিদার পরিপ্রেক্ষিতে আজাদকে গ্রেপ্তার করা হয়েছে।
রাষ্ট্রদ্রোহ ও হত্যা মামলায় অন্যরা : গত ১৪ নভেম্বর রাতে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সে কর্মরত এসপি মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ তথ্য সরবরাহের অভিযোগ রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে গ্রেপ্তার করা হয় ঢাকায় বিএনপির কর্মী মকবুল হোসেন হত্যা মামলায়। গত মঙ্গলবার আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আর অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসানকে রাজধানীর পল্টন থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর কথা জানিয়েছে ডিএমপি।
পুলিশের উচ্চপর্যায়ের সূত্র বলছে, এসব কর্মকর্তার বিরুদ্ধে গণ-অভ্যুত্থানের আগে দায়িত্ব পালনকালে সংঘটিত অপরাধে জড়িত থাকার অভিযোগও রয়েছে। তবে সাম্প্রতিক নাশকতা, তথ্য পাচার ও নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগও তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে গুরুত্ব পাচ্ছে।
বাহিনীর ভেতরেও গোয়েন্দা নজরদারি : পুলিশের সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, সাম্প্রতিক নাশকতার ঘটনা তদন্ত করতে গিয়ে বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতা-কর্মীদের পাশাপাশি কিছু পুলিশ সদস্যের নামও সামনে এসেছে। বিদেশে পলাতক কয়েকজন সাবেক পুলিশ কর্মকর্তা দেশে কর্মরত সদস্যদের ফোন করে হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।
গত সপ্তাহে ডিবি হেফাজতে নেওয়া ৩১তম বিসিএসের এক পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। তবে ফরেনসিক পরীক্ষার জন্য তাঁর মুঠোফোনটি রেখে দিয়েছে ডিবি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গত বুধবার সচিবালয়ে বলেন, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কর্মকর্তা ‘ফ্যাসিস্ট শক্তির’ সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে। কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা রেঞ্জের ১৩ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকিতে ১২ জন অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে দুই মাসের জন্য সংযুক্ত করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী পুলিশ মহাপরিদর্শক কামারুম মুনিরা বলেন, কোনো পুলিশ সদস্য রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, নাশকতা বা ষড়যন্ত্রে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সাময়িক বরখাস্ত, বিভাগীয় মামলা ও ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সদর দপ্তরসংশ্লিষ্ট সূত্রের আশঙ্কা, ডিসেম্বর পর্যন্ত নাশকতার ঝুঁকি থাকতে পারে। তাই মাঠপর্যায়ে নিরাপত্তা প্রস্তুতির পাশাপাশি বাহিনীর ভেতরেও সন্দেহভাজন সদস্যদের ওপর নজরদারি অব্যাহত থাকবে।
