
নিজস্ব প্রতিবেদক: শতাধিক গুম, খুন ও হত্যার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বেঁচে থাকার অধিকার নেই বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের সময় এমন মন্তব্য করেন চিফ প্রসিকিউটর।
আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক ব্যক্তিকে গুম, খুন ও হত্যার অভিযোগে জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক চলছে।
ট্রাইব্যুনাল-১-এর এই বিচারিক কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হচ্ছে। মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান কারাগার থেকে ভার্চ্যুয়ালি বিচারকাজে অংশ নিচ্ছেন।
যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর বলেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত এমন একটি ভয়াবহ সংস্কৃতি গড়ে উঠেছিল, যেখানে মানুষ মনে করত, ইচ্ছা করলেই কাউকে হত্যা করা যায়, ক্রসফায়ারের নামে প্রাণ কেড়ে নেওয়া যায় কিংবা কাউকে বলপূর্বক গুম করে গায়েব করে দেওয়া যায়।
আমিনুল ইসলাম বলেন, রাষ্ট্রের আশকারা, সরকারের নীরবতা ও প্রশ্রয়ের কারণেই এ ধরনের ব্যক্তিরা সরকারি চেয়ারে বসে নৃশংস ও নিষ্ঠুর অপরাধ করার সাহস পেয়েছিলেন। তারা একসময় ‘মনস্টার’ বা দানবে পরিণত হয়েছিলেন। দিনের পর দিন তারা এসব অপরাধ চালিয়ে গেছেন। মানুষের জানমাল তাদের হাতে জিম্মি হয়ে পড়েছিল। ইচ্ছা করলেই তারা যে কোনো ব্যক্তিকে তুলে নিয়ে যেতে পারতেন। জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব যাদের, তারাই রক্ষক থেকে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন।
এ সময় জিয়াউল আহসানকে কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না বলে মন্তব্য করেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, এ মামলার প্রথম সাক্ষী সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া জিয়াউল আহসানকে ‘পারসোনা নন গ্রাটা’ (অবাঞ্ছিত) ঘোষণা করেছিলেন। এ কারণে তিনি ক্যান্টনমেন্টে প্রবেশ করতে পারতেন না।
চিফ প্রসিকিউটর আরও বলেন, এ ধরনের মানুষকে শুধু ক্যান্টনমেন্ট নয়, পৃথিবী থেকেই ‘পারসোনা নন গ্রাটা’ করে দেওয়া উচিত। তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই।
জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে উল্লেখ করে আমিনুল ইসলাম বলেন, সাক্ষীদের বক্তব্যে উঠে এসেছে, তিনি ১৫০ থেকে ২০০ জন মানুষকে হত্যা করেছেন। এ বিষয়ে পরবর্তী তদন্তে আরও তথ্য উঠে আসতে পারে।
পরে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়েও ‘পারসোনা নন গ্রাটা’ প্রসঙ্গে নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, জিয়াউল আহসানকে মৃত্যুদণ্ড দিয়ে দুনিয়া থেকেই ‘পারসোনা নন গ্রাটা’ করার কথা বোঝাতে চেয়েছেন। শুধু ক্যান্টনমেন্টের ভেতরে নয়, এ ধরনের মানুষের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই।
