ছয় ঘণ্টায় ঢাকায় ৮২ মিমি বৃষ্টি, আরও দুই দিন ভারী বর্ষণের শঙ্কা

নয়াবার্তা প্রতিবেদক : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছেন অফিসগামী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রবিবার (১২ জুলাই) সকাল থেকে মাত্র ছয় ঘণ্টায় ঢাকায় ৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় রাজধানীতে মোট বৃষ্টিপাত হয়েছে ৯৮ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ু ও উত্তর বঙ্গোপসাগরের অনুকূল আবহাওয়ার কারণে আগামী অন্তত দুই দিন ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে। তবে ১৪ থেকে ১৫ জুলাইয়ের মধ্যে রাজধানীতে বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে। একই সময়ে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মমিনুল হক জানান, চলতি মাসের ৫ জুলাইয়ের পর মাত্র চার দিনে চট্টগ্রামে প্রায় এক হাজার মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা অস্বাভাবিক। তার ভাষ্য, এ ধরনের পরিস্থিতির পেছনে এল নিনোর প্রভাব থাকতে পারে। একই ধরনের আবহাওয়া বাংলাদেশ ছাড়াও ভারত, চীনসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশেও দেখা যাচ্ছে।

এদিকে বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখতে বলা হয়েছে।

Share