
নয়াবার্তা প্রতিবেদক : দেশে মোবাইল ফোনের ১৯ কোটি ১০ লাখ সিম চালু থাকার তথ্য দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
তার দেওয়া হিসাব অনুযায়ী, ১৯ কোটি ১০ লাখের মধ্যে ১০ কোটি ৮০ লাখ সিমে ‘ফোর জি’ ইন্টারনেট ব্যবহার করা হয়।
সোমবার ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এক অনুষ্ঠানে মন্ত্রী এসব তথ্য তুলে ধরেন বলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
এশিয়া-প্যাসিফিক টেলিকমিউনিটি ওয়্যারলেস গ্রুপের ৩৭তম সভার উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, “দেশে ৪৯ হাজারের বেশি ফোর জি সাইট, প্রায় ৪৬ হাজার টাওয়ার এবং ১ লাখ ৭৩ হাজার কিলোমিটার ফাইবার অপটিক নেটওয়ার্ক রয়েছে।”
শুধু সংযোগ বাড়ানো নয়, গুণগত মান, সাশ্রয়ী মূল্য, নির্ভরযোগ্যতা ও অর্থবহ কানেক্টিভিটি নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেন তিনি।
মন্ত্রীর ভাষ্য, “এআই, সাইবার নিরাপত্তা, সফটওয়্যার, হার্ডওয়্যার ও ফাইভ জিসহ ভবিষ্যৎ প্রযুক্তিতে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে হবে।”
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমিও বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মো. এমদাদ উল বারী।
