
বিশেষ প্রতিবেদক: তিন মাস পর পর ভ্যাট রিটার্ণ জমার বিধান বাতিল করে পূর্বের ন্যায় প্রতিমাসে রিটার্ণ জমার বাধ্যবাধকতা পুণস্থাপনের লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ ১৫ নভেম্বর রোববার মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রতি মাসে বা প্রতি কর মেয়াদে দাখিলপত্র প্রদানের বাধ্যবাধকতা শিথিল করে প্রতি তিন কর মেয়াদ বা তিন মাস সমাপ্তির অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র পেশ করার বিধান প্রণয়ন করা হয়। এমন পরিবর্তনের ফলে মাঠপর্যায়ে রাজস্ব আদায়ে নানাবিধ প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা-৬৪ সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দেয়। ওই সময়ে সংসদ অধিবেশন চলমান না থাকায় মন্ত্রিসভার অনুমোদনের ভিত্তিতে সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি কর্তৃক ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ গত ১৪ অক্টোবর জারি করা হয়।
জারি করা অধ্যাদেশ জাতীয় সংসদের চলতি অধিবেশনে আইনে রূপান্তরের উদ্দেশ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।
