
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে ‘বিপ্লব ও সংহতি দিবসে’র আলোচনাসভায় শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ সম্বোধন করে বক্তব্য দেওয়ায় জিয়া পরিষদের পৌর শাখার সাধারণ সম্পাদক মারুফ হাসানকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) জিয়া পরিষদ জয়পুরহাট জেলা শাখার সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম বকুল ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিটি আজ সোমবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়।
বহিষ্কারের চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করে মারুফ হাসান বলেন, ‘সেদিন বক্তব্য দেওয়ার সময় কিছু শব্দচয়ন ভুল হয়েছিল। এটা আমার অনিচ্ছাকৃত ভুল।’
গত ৭ নভেম্বর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনাসভায় বক্তব্য দেওয়ার একপর্যায়ে মারুফ হাসান শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলে সম্বোধন করে বক্তব্য দেন। এতে সভায় উপস্থিত নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে এবং হট্টগোলের সৃষ্টি হয়। একপর্যায়ে তাকে মঞ্চ থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হয়। পরে তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেতাকর্মীদের মাঝে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়।
