ব্যাটারি কোম্পানির ৩১৮ কোটি টাকার ভ্যাট ফাঁকি

নয়াবার্তা প্রতিবেদক :  একটি ব্যাটারি প্রস্তুতকারী কোম্পানির প্রায় ৩১৮ কোটি টাকার ভ্যাট ফাঁকি দেওয়ার তথ্য দিয়েছে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর।

কোম্পানিটি ব্যাটারি উৎপাদন ও বিক্রয়ের বিপরীতে এ ভ্যাট ফাঁকি দিয়েছে বলে রোববার নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর মূল্য সংযোজন কর অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৩ অগাস্ট অধিদপ্তরের একটি নিবারক দল অভিযান চালিয়ে জিউঝু ইন্ডাস্ট্রি লিমিটেডের বাণিজ্যিক দলিল ও নথি জব্দ করে।

পরে সেসব জব্দ নথি বিস্তারিত পর্যালোচনা ও হিসাব-নিকাশ করে দেখা যায়, প্রতিষ্ঠানটি ৩১৭ কোটি ৯২ লাখ ৫১ হাজার ৩৭৮ টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে।

ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরের দাবি, “সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে তারা প্রকৃত তথ্য গোপন রেখে কার্যক্রম পরিচালনা করে আসছিল।”

ইজি বাইক, রিকশা এবং অটো-ভ্যানের জন্য ড্রাই ও ওয়াটার ব্যাটারি প্রস্তুতকারী কোম্পানিটির মূল কারখানা নারায়ণগঞ্জের রূপগঞ্জে।

অধিদপ্তর বলছে, সংশ্লিষ্ট আইন অনুযায়ী কোম্পানিটির বিরুদ্ধে পরবর্তী আইনি ও বিচারিক কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জিউঝু ইন্ডাস্ট্রির বিরুদ্ধে অনিয়ম ও করফাঁকির মামলার বিবরণীতে বলা হয়েছে, কোম্পাটি করমেয়াদ ২০২৪ সালের অগাস্ট থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত সময়ে মোট ২ হাজার ৪৯৩ কোটি ২৬ লাখ ৪ হাজার ৩৪৩ টাকার বিক্রি কম দেখিয়ে ভ্যাট ফাঁকি দিয়ে আসছিল।

এসব বিক্রি থেকে সরকারের রাজস্ব পাওয়ার কথা প্রায় ৩১৮ কোটি টাকা, ‘যা আদায়যোগ্য’ বলে মামলায় বলা হয়েছে।

Share