মজুরি ১৭ হাজার, তবু সড়কে বিক্ষুব্ধ শ্রমিক

গাজীপুর-সাভার-নারায়ণগঞ্জে বন্ধ ১৪৩ কারখানা

বিশেষ প্রতিবেদক:
মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন থামছে না তৈরি পোশাকশিল্পে। ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণের পরও শ্রমিকদের ক্ষোভ কমেনি। নতুন মজুরিকাঠামো প্রত্যাখ্যান করে আজ বুধবার গাজীপুর ও সাভার-আশুলিয়ায় সড়কে নেমেছেন হাজারো শ্রমিক। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশে যান চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয়েছে তীব্র ভোগান্তি। শ্রমিকদের বিক্ষোভের মুখে গাজীপুর, সাভার ও নারায়ণগঞ্জে মোট ১৪৩টি কারখানা বন্ধ রয়েছে। এ সময় বিভিন্ন স্থানে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় শ্রমিকদের ছোড়া ইটপাটকেল দুই পুলিশ সদস্য ও চার আনসার সদস্য আহত হয়েছেন। ‘এ ছাড়া মহাসড়কের মালিকের বাড়ি এলাকায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক’, বলেন তিনি।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ৩৫ পোশাক কারখানা বন্ধ রয়েছে। আজ শ্রমিকদের বিক্ষোভের জেরে আরও ২০ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সাভার-আশুলিয়ায় বন্ধ ৮৫ কারখানা: এদিকে, শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় আজ ৬০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া শ্রম আইনের ১৩(১) ধারায় ২২টিসহ বিভিন্ন ধারায় মোট ২৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শ্রমিকদের কর্মবিরতি ও অসন্তোষের কারণে দুপুর ২টা পর্যন্ত মোট ৬০টি কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

অন্যদিকে, আজ সকাল সোয়া ৯টার দিকে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় দফায় দফায় সড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন বলেন, বহিরাগত শ্রমিকরা পাশের একেএইচ গ্রুপের একটি পোশাক কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুরের চেষ্টা করেন। পরে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়।

এ ছাড়া সকালে জামগড়া এলাকায় শ্রমিকরা আব্দুল্লাহপুর-বাইপাইল সড়ক অবরোধের চেষ্টা করলে টিয়ার শেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করা হয় বলে জানিয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিকুল ইসলাম।

একটি কারখানার শ্রমিক আলেয়া বেগম বলেন, ‘সরকার শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে। কিন্তু এতে আমরা সন্তুষ্ট নই। বাজারে জিনিসপত্রের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি নির্ধারণ করা হয়নি। এ কারণেই শ্রমিকরা আজও কারখানায় কাজ না করে আন্দোলন করছেন।’

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, ‘শ্রমিকদের কাঙ্ক্ষিত মজুরি বৃদ্ধি হয়নি। এ ছাড়া ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের ঘোষণা দেওয়া হলেও এখনো গেজেট প্রকাশ করা হয়নি। গেজেট প্রকাশ হলে মূল বেতন কত বাড়ল এবং বার্ষিক ইনক্রিমেন্ট কত শতাংশ হবে, তা জানা যাবে। এসব বিষয় নিয়ে শ্রমিকদের মধ্যে সন্দেহ ও অসন্তোষ তৈরি হয়েছে। অন্তত ১০টি কারখানার শ্রমিকদের সঙ্গে আমি কথা বলেছি। তারা সবাই অসন্তোষ প্রকাশ করেছেন।

নারায়ণগঞ্জে ৩ কারখানায় ছুটি ঘোষণা: নারায়ণগঞ্জের ফতুল্লায় তিনটি কারখানায় গতকাল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শিল্প পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, আন্দোলনের কারণে ফারিহা নীটেক্স লিমিটেড, এনআর গ্রুপ ও রিবলাইন লিমিটেডে ছুটি ঘোষণা হয়।

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক (গোয়েন্দা) আনোয়ারুল হক বলেন বলেন, আজ বিসিক ও পঞ্চবটি এলাকায় তিনটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তাদের দাবি, সিনিয়র ও দক্ষ শ্রমিকদের গ্রেড উন্নয়ন এবং ছুটির সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে। দীর্ঘদিন একই গ্রেডে থাকা শ্রমিকদের গ্রেড পরিবর্তনের দাবিও জানিয়েছেন তারা। তবে আন্দোলনকে কেন্দ্র করে কোনো সমস্যা হয়নি। ‘শ্রমিকদের পরে বুঝিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়’ বলে তিনি।

এ ছাড়া নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় বিকেএমইএ ভবনের সামনে বন্ধ হয়ে যাওয়া সেঞ্চুরি গার্মেন্টসের শ্রমিকরা অবস্থান কর্মসূচি পালন করেন। বকেয়া সার্ভিস বেনিফিটের দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন।
এ বিষয়ে আনোয়ারুল হক বলেন, শ্রমিকরা তাদের বকেয়া সার্ভিস বেনিফিটের দাবিতে অবস্থান করছেন। কারখানা বন্ধ থাকায় মালিকপক্ষের কেউ সেখানে নেই। তবে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বিষয়টি সমাধানের চেষ্টা করছেন।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলার সভাপতি এম এ শাহীন বলেন, মজুরি বোর্ডের নতুন বেতন ঘোষণায় শ্রমিকদের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। এই মজুরি বাস্তবসম্মত হয়নি। এটা অগ্রহণযোগ্য। বাস্তবতা বিবেচনায় নিয়ে এই মজুরি পুনর্মূল্যায়ন করে আরেকটু বাড়ানোর দাবি করছি। তবে আমরা কোনো বিশৃঙ্খলার পক্ষে নেই।

শ্রমিকদের বিক্ষোভ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে ছয় পুলিশ ও পাঁচ আনসার সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে ঢাকা, গাজীপুরসহ আট জেলায় মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০৮ প্লাটুন সদস্য।

শ্রমিকদের অভিযোগ, নতুন মজুরিতে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য নেই। তাঁদের দাবি, ১৭ হাজার টাকা দিয়ে সংসার চালানো সম্ভব নয়। অন্যদিকে মজুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন কাঠামো কার্যকর হওয়ার কথা আগামী ১ ডিসেম্বর থেকে।

চার গ্রেডে নতুন মজুরি : মজুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, চারটি গ্রেডে পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ করা হয়েছে। গ্রেড-৪-এ মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ১৭ হাজার টাকা, গ্রেড-৩-এ ১৩ হাজার ৫৫০ থেকে ১৯ হাজার ২০০ টাকা, গ্রেড-২-এ ১৪ হাজার ২৭৩ থেকে ২০ হাজার টাকা এবং গ্রেড-১-এ ১৫ হাজার ৩৫ থেকে ২১ হাজার ৫০০ টাকা হয়েছে। সর্বনিম্ন গ্রেডে মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা এবং সর্বোচ্চ গ্রেডে ৬ হাজার ৪৬৫ টাকা।

গত মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের বৈঠক শুরু হয় বেলা সোয়া ৩টায়। দীর্ঘ দর-কষাকষির পরও মালিক ও শ্রমিকপক্ষ ঐকমত্যে পৌঁছাতে পারেনি। শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকা এবং মালিকপক্ষ ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেয়। শেষ পর্যন্ত বোর্ডের ছয় সদস্যের ভোটে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন।

শ্রমিকদের প্রাথমিক দাবি ছিল ৩২ হাজার টাকা। কয়েক দফা কমিয়ে তাঁরা ১৮ হাজার টাকায় আসেন। মালিকপক্ষও প্রথমে ১৫ হাজার টাকা প্রস্তাব করে পরে তা বাড়িয়ে ১৭ হাজার টাকা করে।

মহাসড়কে অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ : গতকাল সকাল থেকেই গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে শ্রমিকেরা অবস্থান নেন। গাজীপুরা, সাতাইশ, জয়দেবপুর, ভোগরা বাইপাস, চৌরাস্তা ও সালনা এলাকায় অবরোধ ছড়িয়ে পড়ে।

গাজীপুরা বাসস্ট্যান্ডসংলগ্ন সাতাইশ শাখা সড়কে প্রায় ৪০০ থেকে ৫০০ শ্রমিক অবরোধ করেন। সেখানে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

সদর মেট্রো থানা এলাকায় জয়দেবপুর সড়কে এক হাজারের বেশি শ্রমিক অবরোধ করেন। এ সময় একটি কারখানার প্রধান ফটকে ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, সংঘর্ষে ছয় পুলিশ ও পাঁচ আনসার সদস্য আহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একাধিক অংশে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। টঙ্গী পশ্চিম থানা এলাকার মহাসড়কের এক পাশে অন্তত পাঁচ কিলোমিটার এলাকায় যান চলাচল বন্ধ ছিল বলে পুলিশ জানিয়েছে।

বন্ধ কারখানা, বাড়ি ফিরছেন শ্রমিকেরা : গাজীপুর শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার ৫০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এর বাইরে প্রায় ৩৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। সাভার ও আশুলিয়ায় ৩২টি কারখানা বন্ধ এবং অন্তত ১০টি কারখানায় শ্রমিকেরা কর্মবিরতি পালন করেছেন।

শ্রীপুর শিল্পাঞ্চলের কয়েকটি কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটি পেয়ে অনেক শ্রমিক গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসস্টপেজগুলোতে যাত্রীর চাপ বেড়েছে।

গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার ফখরুদ্দিন টেক্সটাইল মিলের শ্রমিক জয়নাল আবেদীন বলেন, শুক্রবারসহ তিন দিনের ছুটি পেয়েছেন। শনিবার কাজে যোগ দেবেন। কারখানা বন্ধ থাকায় পরিবারের সঙ্গে সময় কাটাতে গ্রামের বাড়ি যাচ্ছেন।

মেঘনা নীট কারখানার শ্রমিক আকলিমা আক্তার জানান, সকালে সহকর্মীদের বিক্ষোভের পর কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। তাই পরিবার নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছেন।

আট জেলায় বিজিবি মোতায়েন : শিল্পাঞ্চলের অস্থিরতা ছড়িয়ে পড়ার আশঙ্কায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জরুরি প্রয়োজনে আরও চার প্লাটুন সদস্য প্রস্তুত রাখা হয়েছে।

বিজিবির বিবৃতিতে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সদস্যরা দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে।

এদিকে শ্রমিক বিক্ষোভ চলাকালে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় রফিকুল ইসলাম নামে এক শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৮ নভেম্বর গাজীপুরের গাছা থানার হারিকেন ডেগেরচালা সড়কের মাথায় পুলিশের উপকমিশনারের ব্যবহৃত সরকারি গাড়িতে আগুন দেওয়া হয়। সিসিটিভি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তাঁকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শিল্পের স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ : শ্রমিক অসন্তোষের মধ্যে শিল্পাঞ্চলের নিরাপত্তা ও উৎপাদন স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। বুধবার পুলিশ সদর দপ্তরে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি বলেন, শিল্পাঞ্চলে অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখতে পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।

ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ বলেন, চলমান শ্রমিক অসন্তোষ ও রাজনৈতিক অস্থিরতায় উৎপাদনমুখী শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা তৈরি হয়েছে। পণ্য পরিবহনে হয়রানি বন্ধে হটলাইন চালু এবং শিল্প ও ব্যবসাপ্রধান এলাকায় নিরাপত্তা জোরদারের আহ্বান জানান তিনি।

এদিকে পোশাক খাতে শ্রমিক অধিকার, কর্মক্ষেত্রের নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় সরবরাহব্যবস্থার সব পক্ষের জবাবদিহি বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) ও ইএসডিও।
বুধবারের এক অংশীজন সম্মেলনে উপস্থাপিত পর্যবেক্ষণে দেখা গেছে, লিখিত নিয়োগপত্র ও ন্যূনতম মজুরি পাওয়ার হার বাড়লেও সাপ্তাহিক ছুটি, নিয়মিত মজুরি এবং কর্মক্ষেত্রে আঘাতজনিত সুবিধা পাওয়ার ক্ষেত্রে অবনতি হয়েছে।

মজুরি বোর্ডের সিদ্ধান্তে শ্রমিকদের প্রত্যাশা পূরণ না হওয়া, একের পর এক কারখানা বন্ধ এবং মহাসড়কে অবরোধ—সব মিলিয়ে পোশাকশিল্পে অস্থিরতা কাটার কোনো লক্ষণ এখনো স্পষ্ট নয়। শ্রমিকদের ক্ষোভ প্রশমনে নতুন মজুরিকাঠামো কতটা কার্যকর হয়, তা নির্ভর করছে সিদ্ধান্তের বাস্তবায়ন এবং শ্রমিক-মালিকের মধ্যে আস্থার সংকট কতটা দূর করা যায়, তার ওপর।

Share