রিয়াদে ২৬ অক্টোবর বিমানের ফ্লাইট

শুরু হয়েছে দাম্মামে

নয়াবার্তা প্রতিবেদক : সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ইয়েমেনের হুতিদের হামলার পর পরিস্থিতির উন্নতি হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে আগামী ২৬ অক্টোবর রিয়াদে একটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় পতাকাবাহী সংস্থাটি এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ সময় রাত ১টা ২৫ মিনিটে ফ্লাইটটি ঢাকা ছাড়ার কথা রয়েছে।

সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে রিয়াদে পরবর্তী ফ্লাইট পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বিমান।

এদিকে আজ দাম্মামে ফ্লাইট চলাচল আবার শুরু করেছে বিমান। ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। এসব ফ্লাইটে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ব্যবহার করা হবে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, বিমানের বিজি৩৫০ ফ্লাইটি আজ দাম্মাম থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। সন্ধ্যা ৬টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেটি আকাশেই ছিল।

জেদ্দার গন্তব্যে ২২ অক্টোবর ঢাকা থেকে দুটি ফ্লাইট পরিচালনা করবে বিমান। এরপর ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে একটি করে ফ্লাইট চলবে।

মদিনায় ১৮ অক্টোবর থেকে বোয়িং ৭৮৭ উড়োজাহাজ দিয়ে স্বাভাবিক নিয়মে ফ্লাইট চলাচল করছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে এয়ারলাইনস।

ফ্লাইটের সূচিতে আরও কোনো পরিবর্তন এলে যাত্রীদের তা জানানো হবে। বুকিং ও ভ্রমণের তথ্যের জন্য যাত্রীদের বিমানের বিক্রয়কেন্দ্রগুলোতে (সেলস অফিস) যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

Share