শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণ করবে সরকার: আইনমন্ত্রী

আবেগ নয়, বন্দিবিনিময় চুক্তির আওতায় ফেরত চাওয়া হয়েছে

বিশেষ প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে আবেগ নয়, আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, শেখ হাসিনার বিষয়ে আইনগতভাবে যা যা করণীয়, সরকার যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেই তা করছে। বন্দিবিনিময় চুক্তির আওতায় ভারত সরকারের কাছে তাঁকে ফেরত চাওয়া হয়েছে। ভারত হস্তান্তর করলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আজ ৮ নভেম্বর রোববার রাজধানীর হোটেল হলিডে ইন-এ ‘বিচারিক কার্যক্রমে শুদ্ধাচার’ শীর্ষক এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের আদালতে কোনো আইনি লড়াই করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে মো. আসাদুজ্জামান বলেন, ‘এটা ভারত সরকারের ব্যাপার।

বন্দিবিনিময় চুক্তির আওতায় আমরা তাদের কাছে রিকোয়েস্ট করেছি। তারা আমাদের হ্যান্ডওভার করলে আমরা তাঁকে ডিউ প্রসেসে যেভাবে আইনের আওতায় সোপর্দ করার দরকার, সেভাবে করব।’

ভারত শেখ হাসিনাকে বন্দি হিসেবে না দেখে রাষ্ট্রীয় অতিথি হিসেবে বিবেচনা করছে কি না, জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘আমার কাছে উনি অপরাধী। আমাদের ট্রাইব্যুনাল কর্তৃক সাজাপ্রাপ্ত একজন অপরাধী। এটাই হলো আমাদের কাছে তাঁর পরিচয়। তারা কী বলছেন, তারা বললে তো হবে না! আমার রাষ্ট্রে ওপেন আদালতে বিচার হয়েছে।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার বিষয়ে আইনগতভাবে যা যা করণীয়, সেটা আমরা ডিউ প্রসেসে করছি। সেখানে আমাদের আইনসংগতভাবে ডিল করা হবে। এটা দেখবেন, আমরা যখন কোনো পদক্ষেপ নেব, এখানে ইমোশনের কোনো বিষয় নেই। বিষয়টা হলো, আমি আমার আইনটাকে প্রয়োগ করব।’

আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনার বিষয়ে সরকারের অবস্থান আইনি প্রক্রিয়াভিত্তিক। এ ক্ষেত্রে আবেগের পরিবর্তে দেশের প্রচলিত আইন ও বিচারিক প্রক্রিয়াই অনুসরণ করা হবে।

Share