
নয়াবার্তা প্রতিবেদক : চলতি বছরের ১৫ মার্চ থেকে গত সাড়ে পাঁচ মাসে দেশে হামের উপসর্গ নিয়ে ৮৮৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছে ৯৯ শিশু। সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮৬ জনে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৬১ হাজার ১৪৮ জনের শরীরে। আর পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে ১৯ হাজার ৫২৭ জনের। অর্থাৎ, হামের উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮০ হাজার ৬৭৫ জনে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ৯৬৪ জনের শরীরে। এ সময়ে পরীক্ষার মাধ্যমে আরও ৮০ জনের হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৪১ হাজার ৪৪৯ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৩৬ হাজার ৪০৫ জন।
