১০০ কোটি টাকা আত্মসাতে অভিযুক্ত এমডি দেশ ছাড়ছেন

সিটি ব্যাংকের দুর্নীতি তদন্তে দুদক

নয়াবার্তা প্রতিবেদক:
বন্ধক রাখা সম্পত্তি কম দামে নিলামে বিক্রি দেখিয়ে শতকোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে। এ ঘটনায় ১০০ কোটি ৭২ লাখ ২৩ হাজার ৭৭ টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের সহকারী পরিচালক বিষাণ যোষকে এ অভিযোগ অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে। গত ৯ আগস্ট আদালত থেকে অভিযোগটি অনুসন্ধান ও তদন্তের জন্য দুদকে পাঠানো হয়।

পরে ২৭ সেপ্টেম্বর অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করে কমিশন। এ ঘটনায় ভুক্তভোগী ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এ মামলাও করেছেন।

এদিকে, দুদকের অনুসন্ধানের মধ্যে মাসরুর আরেফিনের বিদেশযাত্রা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, অনুসন্ধানের খবর পেয়ে তিনি দেশ ছাড়ছেন।

তবে সিটি ব্যাংকের হেড অব পাবলিক রিলেশনস অ্যান্ড মিডিয়া ইয়াহিয়া মির্জা জানিয়েছেন, ২২ নভেম্বর অফিসিয়াল কাজে কায়রো যাচ্ছেন মাসরুর আরেফিন। ৩০ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। এ সফরের অনুমতি নেওয়া হয়েছে এবং দুদকও বিষয়টি জানে বলে দাবি করেন তিনি।

দুদক সূত্রে জানা গেছে, রোববারের আগে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। তবে এ বিষয়ে দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে নিশ্চিত হওয়া যায়নি।

অনুসন্ধান চলাকালে কোনো ব্যাংক হিসাব অবরুদ্ধ বা সম্পদ-সম্পত্তি ক্রোক করা হলে লিখিতভাবে সংশ্লিষ্ট শাখাকে জানাতে বলা হয়েছে। দুদক আইন, ২০০৪ এবং দুদক বিধিমালা, ২০০৭ অনুযায়ী অনুসন্ধান শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

২০১৯ সালের জানুয়ারি থেকে সিটি ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করছেন মাসরুর আরেফিন। সম্প্রতি তাকে আরও তিন বছরের জন্য পুনর্নিয়োগ দেওয়া হয়েছে।

Share