স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত অন্তত ৩০

নয়াবার্তা ডেস্ক: স্পেনে দুটি উচ্চগতির যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।

আজ (২৮ অক্টোবর) দেশটির টলেডো প্রদেশের উরদা এলাকায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কাস্তিয়া-লা মানচা অঞ্চলের প্রেসিডেন্ট এমিলিয়ানো গার্সিয়া-পেজ জানিয়েছেন, নিহতদের মধ্যে ২৪ জন এভিই ট্রেনের এবং ছয়জন ইরিও ট্রেনের যাত্রী। আহত ৮০ জনের মধ্যে ৫০ জনের আঘাত মাঝারি থেকে গুরুতর এবং ৩০ জন সামান্য আহত হয়েছেন।

দুর্ঘটনাকবলিত ট্রেন দুটির একটিতে ১৪৬ যাত্রী ও একটি শিশু এবং অন্যটিতে ৩৯৭ যাত্রী ছিলেন। সব মিলিয়ে দুটি ট্রেনে ৫৪৪ জন আরোহী ছিলেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, মাদ্রিদ থেকে সেভিয়াগামী একটি এভিই ট্রেন সামনে থাকা ইরিও ট্রেনকে ধাক্কা দেয়। এতে অন্তত তিনটি বগি লাইনচ্যুত হয়। কয়েকটি বগি রেললাইনের পাশের ঢাল বেয়ে নিচে পড়ে যায়।

স্পেনের সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, দুর্ঘটনার পেছনে রেলওয়ের সংকেতব্যবস্থায় ত্রুটি থাকতে পারে। সংঘর্ষের কিছুক্ষণ আগে ইরিও ট্রেনে সংকেতব্যবস্থার সমস্যা শনাক্ত হয়েছিল বলে জানা গেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। ক্ষতিগ্রস্ত কয়েকটি বগিতে উদ্ধারকর্মীরা এখনো পৌঁছাতে পারেননি। এ কারণে প্রাণহানির সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। আহতদের টলেডোর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ও রাজা ষষ্ঠ ফেলিপে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েনও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে স্পেনের কর্দোবা প্রদেশের আদামুজ এলাকায় আরেকটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৪৬ জন নিহত এবং ১৫২ জন আহত হয়েছিলেন।

Share