
আনোয়ারা পারভীন : প্রবাসীরা বাংলাদেশীরা চলতি আগস্ট মাসের প্রথম ২৯ দিনে বৈধপথে ও ব্যাংকিং চ্যানেলে ২৬৬ কোটি ৮৬ লাখ ৮০ হাজার অর্থাৎ ২ দশমিক ৬৬ বিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। দেশীয় মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রতি ডলার ১২২.৭৫ টাকা ধরে প্রায় ৩২ হাজার ৭৬২ কোটি টাকা। আজ ৩০ আগস্ট রোববার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত হালনাগাদ তথ্য প্রকাশ করে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আগের বছরের একই সময়ের তুলনায় চলতি আগস্টে রেমিট্যান্স প্রবাহে ২২.৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। গত ২০২৫ সালের আগস্টের প্রথম ২৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ২০ লাখ মার্কিন ডলার।
এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকেই (জুলাই থেকে ২৯ আগস্ট পর্যন্ত) রেমিট্যান্স প্রবাহ ঊর্ধ্বমুখী রয়েছে। এই দুই মাসে মোট ৫৫২ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। আগের অর্থবছরের (২০২৫-২৬) একই সময়ে (জুলাই থেকে ২৯ আগস্ট ২০২৫) রেমিট্যান্স এসেছিল ৪৬৬ কোটি মার্কিন ডলার। অর্থাৎ আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এবার প্রবাসী আয়ে ১৮ দশমিক ৬ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি হয়েছে।
প্রবাসী আয় সংগ্রহ ও ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট বাংলাদেশ ব্যাংকসহ বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তারা জানান, বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করা এবং হুন্ডি প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়ায় প্রবাসীদের মধ্যে ইতিবাচক সাড়া তৈরি হয়েছে। এছাড়া খোলা বাজারের পাশাপাশি ব্যাংকিং চ্যানেলেও ডলারের সুবিধাজনক বিনিময় হার পাওয়ায় ব্যাংকিং মাধ্যমে রেমিট্যান্স আসার হার ধারাবাহিকভাবে বাড়ছে।
খাত সংশ্লিষ্টরা আশা করছেন, প্রবাসীদের পাঠানো এই প্রবাসী আয়ের ধারা অব্যাহত থাকলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হবে এবং সার্বিক অর্থনীতিতে গতিশীলতা নিশ্চিত হবে।
