
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবি পরিচালক আসিফ আকবর।
সাকিব আল হাসানকে মাঠে ফেরাতে ক্রীড়া মন্ত্রণালয় এবং বিসিবির একসঙ্গে কাজ করার কথা বলেছেন বিসিবির বয়স ভিত্তিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আসিফ আকবর।
বিসিবি পরিচালক বলেন, “সাকিবের যে আইনগত বিষয়গুলো নিয়ে জটিলতা তৈরি হয়েছিল, সেগুলো সমাধানে মন্ত্রণালয় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি একসঙ্গে কাজ করছে। আমরা আশাবাদী, খুব দ্রুতই তাকে আবার মাঠে দেখা যাবে।”
বুধবার দুপুরে কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
এ জেলায় আন্তর্জাতিক মানের ক্রিকেট ভেন্যু গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়ে আসিফ আকবর বলেন, “এখানে পার্ক, ফাইভ স্টার হোটেল সুবিধাসহ একটি আধুনিক স্টেডিয়ামের পরিকল্পনা রয়েছে।
“আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য যে গ্যালারি ও অবকাঠামো প্রয়োজন, তা বর্তমানে নেই বলেই বড় দলের খেলা আয়োজন করা যাচ্ছে না।”
গ্যালারি নির্মাণের বিষয়টি জাতীয় ক্রীড়া পরিষদ ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন জানিয়ে তিনি বলেন, “ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের একটি পরিকল্পনা আমরা দেখেছি। সেখানে আধুনিক সুবিধাসম্পন্ন স্টেডিয়াম নির্মাণের কথা রয়েছে, তবে এটি বাস্তবায়নে সময় লাগবে।”
কক্সবাজারে নারী ও বয়সভিত্তিক আন্তর্জাতিক ম্যাচ আয়োজন হচ্ছে জানিয়ে আসিফ আকবর বলেন, “এখানে নিয়মিত খেলা হচ্ছে, কিন্তু সেভাবে ফোকাস পাচ্ছে না। এই জায়গায় মিডিয়ারও ভূমিকা আছে।”
সেইসঙ্গে স্থানীয় ক্রিকেট উন্নয়নে একাধিক মাঠ উন্নয়নের পরিকল্পনার কথাও জানান বিসিবির এ কর্মকর্তা।
“লোকাল ক্রিকেট ডেভেলপমেন্টের জন্য আমরা বিভিন্ন মাঠ উন্নয়নের চিন্তা করছি। কক্সবাজারকে কেন্দ্র করে বড় পরিকল্পনা নেওয়া হয়েছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে এর ইতিবাচক ফল পাওয়া যাবে,” বলেন আসিফ আকবর।
এবার ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিভাগ এবং রানার আপ হয়েছে ঢাকা মেট্রো।
অনুষ্ঠানে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের অপারেশন প্রধান কাজী হাবিবুল বাশার সুমন এবং নির্বাচক মেহরাব হোসেন অপি উপস্থিত ছিলেন।
