মালয়েশিয়া থেকে ২২ বাংলাদেশিসহ ১৮০ বন্দি ফেরত

নয়াবার্তা ডেস্ক : মালয়েশিয়ার জোহর অঙ্গরাজ্যের একটি বন্দিশালা থেকে সাজা শেষে ২২ জন বাংলাদেশিসহ ১৮০ জন বিদেশি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। দেশটির ইমিগ্রেশন বিভাগ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। গত ২২ জুন এই সংক্রান্ত একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। জুন মাসের তৃতীয় সপ্তাহজুড়ে বিভিন্ন সময়ে তাদের প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

ফেরত পাঠানো বিদেশি নাগরিকদের টিকিট ক্রয় ও অন্যান্য সেবা পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোর নির্ধারিত কাউন্টার থেকে সম্পন্ন করা হয়েছে। এই সেবার জন্য কোনো ধরনের অতিরিক্ত ফি বা সার্ভিস চার্জ নেওয়া হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রয়োজনে তথ্য জানার জন্য ডিপোর রেকর্ডস অ্যান্ড ট্রান্সফার ইউনিটের নির্দিষ্ট নম্বরে বা অনলাইনে যোগাযোগের সুযোগ রয়েছে।

ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে রয়েছেন ১৩২ জন মিয়ানমারের, ১২ জন ভিয়েতনামের, ৯ জন থাইল্যান্ডের এবং ২ জন নেপালের নাগরিক। এছাড়া শ্রীলঙ্কা, চীন ও সিঙ্গাপুরের একজন করে নাগরিক এই তালিকায় রয়েছেন। প্রত্যাবাসিত এই সকল বিদেশি নাগরিককে বিভাগীয়ভাবে কালো তালিকাভুক্ত করা হয়েছে। এর ফলে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে পুনরায় মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না।

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশটির বিভিন্ন প্রধান বিমানবন্দর ও সীমান্ত চেকপোস্টের মাধ্যমে তাদের নিজ দেশে পাঠানো হয়। এই প্রত্যাবাসনের বিমান টিকিটের ব্যয় বন্দিদের ব্যক্তিগত সঞ্চয়, পারিবারিক সহায়তা অথবা সংশ্লিষ্ট দূতাবাস বহন করেছে। দণ্ডবিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও ইমিগ্রেশন আইনসহ বিভিন্ন অপরাধে সাজা ভোগ শেষে তাদের ফেরত পাঠানো হয়।

Share