
নয়াবার্তা প্রতিবেদক : জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে আসা চার পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।
তাদের শাহাবাগ থানায় হস্তান্তর করা হয়েছে বলে বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানায় মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়কের শূন্য পদে জনবল নিয়োগের জন্য ১৯ জুন অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ১০৭ জন প্রার্থী নির্বাচিত হন। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত প্রার্থীদের ২৪, ২৫ ও ২৮ জুন মৌখিক পরীক্ষা গ্রহণের জন্য নির্ধারণ করা হয়।
অফিস সহায়ক পদে ২৫ জুন মৌখিক পরীক্ষার নির্ধারিত ৩৬ জন প্রার্থীর মধ্যে ৩০ জন প্রার্থী অংশগ্রহণ করেন। মৌখিক পরীক্ষার অংশগ্রহণকারী ৩০ জন প্রার্থীর মধ্যে চারজন প্রার্থী- মো. মোমিনুল ইসলাম মৃদুল, মো. সোহেল রানা, মো. রোমান, জনাব মামুন মিয়া মৌখিক পরীক্ষায় আশানুরুপ পারদর্শিতা প্রদর্শন করতে ব্যর্থ হওয়ায় এবং লিখিত পরীক্ষার উত্তরপত্রের হাতের লেখার সঙ্গে মিল না পাওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা প্রত্যেকে স্বীকার করেন যে, তারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ না করে অন্য ব্যক্তিদের প্রক্সি প্রদানের মাধ্যমে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে তাদের লিখিত দোষ স্বীকারোক্তির পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাহাবাগ থানায় হস্তান্তর করা হয়।
