
বিশেষ প্রতিবেদক: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ক্ষেত্রে ভারত কোনো শর্ত দেবে বলে তিনি বিশ্বাস করেন না। তিনি বলেন, শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। তাঁকে প্রত্যর্পণ করতেই হবে। বাংলাদেশের আইন অনুযায়ী তাঁর বিচার হবে। এ বিষয়ে দুই দেশের সরকারের মধ্যে কোনো শর্ত নিয়ে আলোচনা হয়নি। ভারত থেকে কোনো চাপও অনুভব করছে না বাংলাদেশ। গতকাল মঙ্গলবার সচিবালয়ে তথ্যঅধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে তথ্য উপদেষ্টা বলেন, সরকারের অবস্থান বটম লাইন হচ্ছে, তাকে প্রত্যর্পণ করতে হবে। এটা আমি গত ব্রিফিংয়ে বলেছি, আমাদের অন্য মন্ত্রীরাও বলেছেন।
ভারতের একটি সংবাদমাধ্যমে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ক্ষেত্রে দুটি শর্তের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সামরিকভাবে তাকে পাঠানো এবং নতুন করে বিচার বা আপিলের সুযোগ দেওয়া। এ বিষয়ে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, কোনো পত্রিকার প্রতিবেদনকে ভারত সরকারের আনুষ্ঠানিক অবস্থান হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। তিনি বলেন, একটি রাষ্ট্র বা সরকার আনুষ্ঠানিকভাবে অন্য রাষ্ট্রের কাছ থেকে কোনো বক্তব্য না পেলে সেটির জবাব দেওয়ারও কোনো কারণ নেই। পররাষ্ট্রমন্ত্রী ও সংশ্লিষ্ট সমন্বয়ক এ বিষয়ে কথা বলেছেন। সরকারের মধ্যে এ ধরনের কোনো আলোচনা নেই।
ভারতের পক্ষ থেকে বাংলাদেশ কোনো চাপ অনুভব করছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একেবারেই না, একেবারেই না। জাহেদ উর রহমান বলেন, ৫ আগস্টের মধ্য দিয়ে বাংলাদেশের বাস্তবতায় পরিবর্তন এসেছে। বাংলাদেশ এখন আর আগের বাংলাদেশ নেই। দেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। সব দেশের সঙ্গে নিজেদের প্রয়োজনের নিরিখে সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার। তবে অন্যায় চাপ দিয়ে কোনো কিছু করানো যাবে না। বাংলাদেশ আলোচনা করতে চায়, কথা বলতে চায়। কিন্তু যেখানে আইনগতভাবে সঠিক অবস্থানে রয়েছে, সেখানে চাপ বা শর্ত মেনে নেওয়া হবে না।
শেখ হাসিনাকে প্রত্যর্পণের আবেদনে দুই দেশের চুক্তি অনুসরণ করা হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের আবেদন করার সময় নিশ্চয়ই দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুসরণ করেছে।
প্রত্যর্পণ চুক্তির বিভিন্ন ধারা, প্রয়োজনীয় পরিচয়সংক্রান্ত তথ্য এবং মৃত্যুদণ্ড কার্যকর না করার নিশ্চয়তা দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এসব বিষয় রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনা হবে। তবে শেখ হাসিনার বিচার বাংলাদেশের আইনেই হবে। তিনি বলেন, বাংলাদেশের আইনে এ অপরাধের জন্য মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। আইনমন্ত্রী জানিয়েছেন, শেখ হাসিনা আপিলের সুযোগও পাবেন না। এটি তার বাবার তৈরি করা আইন। সরকার সেই আইনই অনুসরণ করছে।
শেখ হাসিনা দেশে ফিরবেন কি না, সেটি ভিন্ন সম্ভাবনার বিষয় হিসেবে আগে উল্লেখ করা হয়েছিল বলে জানান জাহেদ উর রহমান। তবে গত সপ্তাহে সরকারের অবস্থান বিস্তারিত ও স্পষ্টভাবে জানানো হয়েছে। এ বিষয়ে সরকারের বক্তব্যে কোনো অসংগতি নেই বলেও দাবি করেন তিনি।
গোপালগঞ্জের সহিংসতায় আওয়ামী লীগের সম্পৃক্ততা
গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনায় আওয়ামী লীগের সম্পৃক্ততা ও দলটির নেতাকর্মীদের আত্মগোপনে থাকার বিষয়ে প্রশ্ন করা হলে জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগ কোনো ন্যায্য আন্দোলনের সুযোগ পেলে সেখানে নিজেদের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করে।
গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনটি ন্যায্য ছিল উল্লেখ করে তিনি বলেন, শ্রমিকেরা নিজেদের কষ্টের কথা জানাতে মাঠে নেমেছিলেন। কিন্তু সেই আন্দোলনেও আওয়ামী লীগ সুযোগ নেওয়ার চেষ্টা করেছে। তিনি বলেন, এ ধরনের ঘটনা যেখানেই ঘটুক, সরকারকে তা সামাল দিতে হয়। আওয়ামী লীগের যেসব নেতাকর্মী বিভিন্ন জায়গায় চিহ্নিত হয়েছেন, তাঁদের বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে নজরদারি রয়েছে। সাঈদ খোকন কিংবা প্রজাতন্ত্রের কর্মচারীদের পোশাকে থাকা আওয়ামী লীগের সদস্যদের বিষয়েও সরকার অবগত।
জাহেদ উর রহমান বলেন, আমি আপনাকে নিশ্চিত করি, আমরা দ্রুত এই জিনিসগুলো ম্যানেজ করতে পারব। এটা সরকারেরই অনেক বড় মাথাব্যথা। সরকার এটা করবে, নিশ্চিত।
বাংলাদেশের পরিস্থিতি শ্রীলঙ্কা-নেপালের মতো নয়: দীর্ঘমেয়াদি স্বৈরশাসনের পর গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হওয়া দেশগুলোর সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি তুলনা করার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানান তথ্য উপদেষ্টা। তিনি বলেন, বাংলাদেশের পরিস্থিতি শ্রীলঙ্কা ও নেপালের সঙ্গে তুলনা করা ঠিক হবে না। কারণ, ওই দুই দেশে গণ-অভ্যুত্থানে সরকারের পতন হলেও সেখানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ক্ষমতায় ছিল এবং রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায়নি।
বাংলাদেশের পরিস্থিতি তিউনিসিয়া, মিসর, লিবিয়া ও ইয়েমেনের সঙ্গে তুলনা করা যেতে পারে বলে মন্তব্য করে তিনি বলেন, ওই দেশগুলোর তুলনায় ভঙ্গুর ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতেও বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে। তবে দেশের ভঙ্গুরতা এখনো কাটেনি। পূর্ণাঙ্গভাবে কাজ করার মতো অবস্থায় যেতে আরও কিছুটা সময় প্রয়োজন।
আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে আতঙ্কের প্রচারণা: আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রচারণা ও গুজব সাধারণ মানুষের মধ্যে ভীতি তৈরি করছে বলে সাংবাদিকেরা দৃষ্টি আকর্ষণ করেন। বিশেষ করে ১৯ তারিখ যানবাহন চলাচল ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার মতো নানা তথ্য ছড়ানোর বিষয়ে প্রশ্ন করা হয়।
জবাবে জাহেদ উর রহমান বলেন, মূলধারার গণমাধ্যমে এ ধরনের আলোচনা এখন খুব বেশি দেখা যাচ্ছে না। তবে মূলধারার গণমাধ্যমের কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমের কাছাকাছি ধরনের আচরণ করছেন। এ বিষয়ে নজরদারি বাড়াতে সংশ্লিষ্ট ব্যক্তিদের আবারও বলবেন বলে জানান তিনি। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা হিসেবে বিষয়টি পর্যবেক্ষণে রাখবেন বলেও উল্লেখ করেন।
শেখ হাসিনার প্রত্যর্পণ
ড. জাহিদ এমর্মে সরকারের অবস্থান স্পষ্ট করে বলেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চাওয়া হয়েছে। তাকে ফেরাতে ভারত সরকার কোনো শর্ত দেবে বলে মনে হয় না এবং শেখ হাসিনার ফেরা নিয়ে সরকার কোনো চাপে নেই।
আপিল ও বিচার
জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনার আপিল করার কোনো সুযোগ নেই বলে জানান তিনি। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইবেন্যালের স্বচ্ছ ও যুগোপযোগী আইনের আওতায় তার বিচার হবে।
অপতৎপরতা ও সহিংসতা: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভা-সমাবেশ বা মিছিল সম্পূর্ণ বেআইনি। গোপালগঞ্জে সহিংসতা, অগ্নিসংযোগ ও হামলাকারীদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে সর্বনিম্ন ও আনুপাতিক বল প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আওয়ামী লীগ সম্পৃক্ততা নজরদারিতে রাখা হয়েছে।
গণমাধ্যম ও নীতিমালা
জাহেদ উর রহমান বলেন, বিশৃঙ্খলা রোধে অনিবন্ধিত অনলাইন পোর্টালগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিয়ম মেনে যোগ্য প্রতিষ্ঠানগুলোকে নিবন্ধন দেওয়া হবে এবং অংশীজনদের সাথে আলোচনার মাধ্যমে আধুনিক গণমাধ্যম নীতিমালা চূড়ান্ত করা হবে।
গঙ্গা পানি চুক্তি
জাহেদ উর রহমান বলেন, গঙ্গা পানি চুক্তি নবায়নের প্রয়োজনীয় প্রস্তুতি থাকলেও অপরপক্ষ থেকে এখনো সাড়া মেলেনি। এই চুক্তির সাথে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্পর্ক নেই।
সাংস্কৃতিক কর্মকাণ্ড
জাহেদ উর রহমান বলেন, সুস্থ ধারার যাত্রাপালা বা সার্কাস চালাতে বাধা না থাকলেও, অশ্লীলতা বা মাদকের সাথে সংশ্লিষ্টতা পেলে তা নিষিদ্ধ করা হবে।
