কক্সবাজারে ভারী বৃষ্টিতে পাহাড়ধসে ১০ প্রাণহানি

কক্সবাজার প্রতিনিধি : টানা ভারী বৃষ্টিপাতে কক্সবাজারে ভয়াবহ পাহাড়ধসের ঘটনায় রোহিঙ্গা ক্যাম্প ও শহর মিলিয়ে অন্তত ৯ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। উদ্ধার অভিযান চলছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার ভোরে উখিয়ার জামতলী, কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে পৃথক তিনটি পাহাড়ধসের ঘটনা ঘটে। এসব ঘটনায় নারী ও শিশুসহ ৮ জন নিহত হন। এর মধ্যে জামতলী ক্যাম্পে একই পরিবারের তিনজন, কুতুপালং ক্যাম্পে এক শিশু এবং বালুখালী ক্যাম্পে নারী ও শিশুসহ চারজন নিহত হন।
এদিকে কক্সবাজার শহরের পাহাড়তলী সত্বর ঘোনা এলাকায় পাহাড়ধসে একটি বসতঘর চাপা পড়ে তিনজন আহত হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।
স্থানীয় স্বেচ্ছাসেবক, ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্ধার অভিযান চালাচ্ছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ২৫০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী দুই দিন আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
জেলা প্রশাসন পাহাড়ধসের ঝুঁকিতে থাকা এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি জরুরি প্রয়োজন ছাড়া পাহাড়ি এলাকায় চলাচল ও বসবাস থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Share