মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

উদ্ভাবনী কাজে কম সুদে ঋণের উদ্যোগ নেওয়া হবে


ঠাকুরগাঁও প্রতিনিধি : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা চর্চার আহ্বান জানিয়ে বলেছেন, মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়।
গতকাল শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সাংবাদিকরা নির্ভয়ে সত্য তুলে ধরবেন। যে ভালো কাজ করবে তাকে স্বীকৃতি দিতে হবে, আর যে অন্যায় করবে তাকে সমালোচনার মুখোমুখি করতে হবে। তিনি বলেন, সাদাকে সাদা এবং কালোকে কালো বলার সাহসই সাংবাদিকতার মূল শক্তি। রাজনীতিবিদদের ভুল-ত্রুটি তুলে ধরে সঠিক পথ দেখানো গণমাধ্যমের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।
তিনি বলেন, রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন। জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে গিয়ে ভুল হতে পারে। সেই ভুল তুলে ধরা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনস্বার্থে সত্য প্রকাশ করাই গণমাধ্যমের দায়িত্ব। অনেক সময় সত্য সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের হামলা ও হয়রানির শিকার হতে হয়, যা অত্যন্ত উদ্বেগজনক বলেও তিনি উল্লেখ করেন।
মির্জা ফখরুল বলেন, একটি দেশের গণতন্ত্রের সাফল্য অনেকাংশেই নির্ভর করে স্বাধীন, দায়িত্বশীল ও শক্তিশালী গণমাধ্যমের ওপর। তাই সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা জরুরি।
সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে তিনি জানান, ঠাকুরগাঁওয়ে দু’টি নতুন উপজেলা অনুমোদন দেওয়া হয়েছে এবং এ-সংক্রান্ত কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। তবে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি দক্ষ, সৎ ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
সাংবাদিকদের মন্ত্রী বলেন, ব্যক্তি নয়, কাজকে মূল্যায়ন করতে হবে। ভালো কাজের স্বীকৃতি যেমন দিতে হবে, তেমনি অনিয়ম, দুর্নীতি ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধেও নির্ভয়ে সংবাদ প্রকাশ করতে হবে।
অনুষ্ঠানের শেষে তিনি ঠাকুরগাঁও প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেন, বস্তুনিষ্ঠ ও পেশাদার সাংবাদিকতার মাধ্যমে তারা গণমানুষের আস্থা আরও সুদৃঢ় করবেন এবং প্রেসক্লাবকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উদ্ভাবনী কাজে কম সুদে ঋণের উদ্যোগ নেওয়া হবে: উদ্ভাবনী কাজে নিয়োজিত উদ্যোক্তাদের জন্য কম সুদে ঋণের ব্যবস্থা করতে ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল ৩ জুলাই শুক্রবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার মোলানী এলাকায় উদ্ভাবক সলেমান আলীর তৈরি ‘সলেমান সোলার সেচ পাম্প’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, শুধু রাস্তাঘাট, মসজিদ ও মাদরাসা নির্মাণ করলেই উন্নয়ন হয় না। প্রকৃত উন্নয়ন হলো মানুষের আয় বৃদ্ধি, নতুন নতুন উদ্ভাবন এবং সফল উদ্যোক্তা তৈরি।
মানুষের নিজের আয় বাড়ানোর পাশাপাশি অন্য মানুষের কর্মসংস্থান ও আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি করতে হবে। তিনি বলেন, ঘুরেফিরে আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে লড়াই করে লাভ হবে না। মানুষের পেটে ভাত পড়তে হবে, উদ্ভাবন করতে হবে, ভালো ব্যবসা করতে হবে। এটাই প্রকৃত উন্নয়ন।
উদ্ভাবক সলেমান আলীর প্রশংসা করে তিনি বলেন, এ ধরনের উদ্ভাবনী কাজে কম সুদে ঋণের ব্যবস্থা করতে ব্যাংকগুলোর সঙ্গে কথা বলব। সলেমান আলী নিজের চেষ্টায় একটি অভূতপূর্ব পাম্প উদ্ভাবন করেছেন। তিনি আমাদের গর্ব, দেশের গর্ব এবং কৃষকদের গর্ব।
তিনি আরও বলেন, কয়েকদিন আগে সলেমান আলী ঢাকায় গিয়ে তার উদ্ভাবিত প্রকল্প সম্পর্কে আমাকে জানিয়েছেন। সাইকেলের মেকানিক থেকে একজন উদ্ভাবকে পরিণত হয়ে তিনি সোলার প্রযুক্তিনির্ভর এমন একটি সেচ পাম্প তৈরি করেছেন, যা খামারসহ বিভিন্ন স্থানের বিদ্যুতের চাহিদা পূরণে ভূমিকা রাখতে পারে। এ ধরনের উদ্ভাবকরা নীরবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, উদ্যোক্তা সলেমান আলী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Share