সংসদে মোবাইল ফোন ব্যবহারে এমপিদের সতর্ক করলেন স্পিকার

নয়াবার্তা প্রতিবেদক : সংসদ অধিবেশন চলাকালে ভেতরে মোবাইল ফোন ব্যবহার করায় সংসদ সদস্যদের (এমপি) কঠোরভাবে সতর্ক করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি রুলিং দিয়ে বলেন, ‘অনুগ্রহ করে সংসদে ফোন ব্যবহার করবেন না। এটি রীতিবিরুদ্ধ এবং এটি সবার জন্য প্রযোজ্য। সংসদের মর্যাদা সমুন্নত রাখবেন, এটাই আমি আশা করি।’

আজ মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদে ‘পাবলিক এক্সামিনেশনস অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬’ নিয়ে জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবের ওপর আলোচনার সময় তিনি এই রুলিং দেন।

অধিবেশন চলাকালে হঠাৎ একজন সংসদ সদস্যকে সরাসরি মোবাইল ফোন ব্যবহার করতে দেখে স্পিকার স্বভাবসুলভ কিছুটা হাস্যরসের সুরে বলেন, ‘মাননীয় সংসদ সদস্য, সংসদে কেউ কেউ টেলিফোন ব্যবহার করেন একটা আড়াল রেখে। আপনি তো খুল্লাম খুল্লা ইউজ করছেন।’ স্পিকারের এই মন্তব্যের পর সংসদে উপস্থিত অন্যান্য সদস্যদের মধ্যে মৃদু হাসির রোল পড়ে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সংসদ কার্যপ্রণালী বিধি অনুযায়ী অধিবেশন চলাকালে ভেতরে মোবাইল ফোন ব্যবহার করা বা ফোনে কথা বলা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে প্রায়শই সদস্যদের আড়াল নিয়ে বা টেবিলের নিচে ফোন ব্যবহার করতে দেখা যায়। আজ এক সদস্যকে প্রকাশ্যেই ফোন ব্যবহার করতে দেখে স্পিকার এই রুলিং জারি করেন এবং সংসদের পবিত্রতা ও মর্যাদা বজায় রাখতে সবাইকে মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান।

Share