
বিশেষ প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে এবং রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, যদি আপিল করার সুযোগ থাকে সেটা আইন আদালত বুঝবে, তখন আপিলের ব্যবস্থা বা শুনানি হবে। আজ ১৬ জুলাই বৃহস্পতিবার সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সাংবাদিকরা শেখ হাসিনার ফেরা বা প্রত্যর্পণের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনার বিষয়ে ওই দেশের (ভারত) সাথে যে চুক্তিটা আছে, আমরা সেটা অবশ্যই ফিরিয়ে আনব।
শেখ হাসিনার কথা বললেন- যারা ফিরে আসতে চায়, আমরা তো তাকে ফিরিয়ে আনার জন্য এক্সট্র্যাডিশন চুক্তি অনুসারে অন্তর্বর্তী সরকারের সময়ও পত্র দেওয়া হয়েছে। ভারত সরকারকে আমরা তাগাদা দিচ্ছি। তিনি আরও বলেন, আমরা তাকে (শেখ হাসিনাকে) ফেরত চাই এবং বিচারের মুখোমুখি করতে চাই। ইতোমধ্যে তিনি যেহেতু সাজাপ্রাপ্ত হয়েছেন আদালত থেকে, তার আদেশ হয়েছে কি না সেটা আইন-আদালত বলবে। তবে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে এবং রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে। তার যদি আপিল করার সুযোগ থাকে, সেটা আইন আদালত বুঝবে। তখন আপিলের ব্যবস্থা বা আপিল শুনানি হবে। আর এই যে অভ্যুত্থানের ঘটনা আমরা দেখছি, সেটার সাথে কীভাবে দেখছেন জানি না, আমরা তো তাকে আইনানুগভাবে ফেরত চাই।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শরীফ ওসমান হাদী হত্যা মামলায় গ্রেফতার হওয়া তিন সন্দেহভাজনকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ ভারতের কাছ থেকে দ্রুত সাড়া আশা করছে। এছাড়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদের প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এর কাছ থেকেও দ্রুত সাড়া আশা করছে।
তিনি বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত থেকে সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং ভারত থেকে হাদী হত্যা মামলার তিন সন্দেহভাজনকে প্রত্যর্পণের জন্য আমরা আইন অনুযায়ী প্রয়োজনীয় সবকিছু করেছি। আমরা আশা করি, উভয় সরকারের কাছ থেকে শিগগিরই একটি ইতিবাচক সাড়া পাব।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইন্টারপোলের রেড নোটিশের পর সংযুক্ত আরব আমিরাতে বেনজির আহমেদকে গ্রেপ্তার করা হয়।’ তিনি বলেন, ৩০ দিনের সময়সীমা দেওয়া সত্ত্বেও সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের অনুরোধে বাংলাদেশ তিন দিনের মধ্যে প্রত্যর্পণের সব প্রয়োজনীয় নথি জমা দিয়েছে।
প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদসহ তিন সন্দেহভাজনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের প্রত্যর্পণের জন্য বাংলাদেশ ভারতীয় কর্তৃপক্ষের কাছে সব প্রয়োজনীয় নথি পাঠিয়েছে। তিনি উল্লেখ করেন, ওই তিন সন্দেহভাজন বর্তমানে ভারতে বিচারের সম্মুখীন। তিনি আরো বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, ভারতে আইনি কার্যক্রম চলমান থাকা অবস্থাতেও তাদের বাংলাদেশের কাছে হস্তান্তর করা যেতে পারে।
