
নয়াবার্তা প্রতিবেদক : চীন ও বাংলাদেশের মধ্যে থাকা সম্পর্ক পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলে মনে করছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়ে লেখা চিঠিতে এ মন্তব্য করেছেন তিনি। ফেইসবুক পেইজে প্রকাশ করা এক বিবৃতিতে এ তথ্য দিয়েছে ঢাকায় চীন দূতাবাস।
প্রেসিডেন্ট শি-কে উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়, “পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে চীন-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক। “চিঠিতে শি লিখেছেন, প্রতিবেশী চীন ও বাংলাদেশের রয়েছে দীর্ঘদিনের বন্ধুত্ব। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে গত ৫১ বছরে দুই দেশ একে অপরকে সম্মান ও মূল্যায়নের জায়গায় সমান বিবেচনা করে আসছে।”
পাশাপাশি মৌলিক স্বার্থ ও প্রধান প্রধান উদ্বেগের ক্ষেত্রে একে অপরকে সমর্থন এবং হাতে হাত রেখে নিজস্ব আধুনিকায়নের পথ বেইজিং ও ঢাকা অনুসন্ধান করে আসছে বলেও মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট।
বিবৃতিতে বলা হয়, শি বলেছেন, ঐতিহ্যবাহী বন্ধুত্বকে এগিয়ে নেওয়া, কৌশলগত যোগাযোগ জোরদার, উচ্চ মানসম্পন্ন বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা ত্বরান্বিত করা এবং সব ক্ষেত্রে সহযোগিতা বিস্তৃত করার ক্ষেত্রে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে কাজ করতে তিনি প্রস্তুত প্রস্তুত।
দূতাবাস বলেছে, এসব উদ্যোগের মধ্য দিয়ে ‘অভিন্ন ভবিষ্যতের জন্য চীন-বাংলাদেশ কমিউনিটি’ গড়ার দিকে এগিয়ে যাওয়ার কথাও বলেছেন চীনা প্রেসিডেন্ট, যেন নতুন যুগে দুদেশের সম্পর্কের গভীরতা বাড়ানো এবং দুদেশের জনগণের উপকারের জন্য অব্যাহতভাবে বাস্তবিক ফল বয়ে আনা যায়।
শুক্রবার সন্ধ্যায় শপথ নিয়ে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় সরকারমন্ত্রী এবং ক্ষমতাসীন দল বিএনপির মহাসচিবের পদ ছেড়ে রাষ্ট্রপ্রধান হয়েছেন এই জ্যেষ্ঠ রাজনীতিক।
