আমেরিকা প্রবাসী এমপি ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

সংসদ প্রতিবেদক: আমেরিকা প্রবাসী কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী মুহাম্মদ ওসমান ফারুক শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগের ফলে আসনটি শূন্য ঘোষণা করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। মঙ্গলবার বিকালে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের বৈঠক শুরু হওয়ার পরপরই স্পিকার এ ঘোষণা দেন।

স্পিকার বলেন, “পদত্যাগপত্রটি আমি ১৫ই নভেম্বর ২০২৬ তারিখে পেয়েছি। পদত্যাগপত্রটি বিধিসম্মত হওয়ায় আমি তা গ্রহণ করেছি।”

সংবিধানের বিধান তুলে ধরে তিনি বলেন, “এমতাবস্থায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদ অনুযায়ী ১৫ই নভেম্বর ২০২৬ তারিখ পূর্বাহ্ণ থেকে ১৬৪ কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হয়েছে।”

জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ১৭৮ বিধির (৩) উপবিধি অনুযায়ী আসনটি শূন্য হওয়ার বিষয়টি সংসদকে জানানো হয়েছে বলেও ঘোষণা দেন স্পিকার।

সংবিধানের ৬৭ অনুচ্ছেদের ২ দফা অনুযায়ী, কোনো সংসদ সদস্য স্পিকারের কাছে স্বাক্ষরযুক্ত পত্র দিয়ে পদত্যাগ করতে পারেন। স্পিকার ওই পত্র পাওয়ার সময় থেকেই সংশ্লিষ্ট সংসদ সদস্যের আসন শূন্য হয়।

সংসদ সচিবালয় সংশ্লিষ্টরা বলেছেন, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ওসমান ফারুক। সেখানে তার চিকিৎসা চলছে। শারীরিক অসুস্থতার কারণে তিনি সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

সম্প্রতি অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনেও ভোট দিতে পারেননি তিনি। ওই সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করায় ভোট দিতে পারবেন না বলে সংসদ সচিবালয়কে চিঠি দিয়ে জানিয়েছিলেন ওসমান ফারুক।

বিএনপির ভাইস চেয়ারম্যান ওসমান ফারুক ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত খালেদা জিয়ার সরকারের শিক্ষামন্ত্রী ছিলেন। দীর্ঘ আট বছর যুক্তরাষ্ট্রে থাকার পর ২০২৪ সালের অক্টোবরে দেশে ফিরে আবার সক্রিয় রাজনীতিতে যুক্ত হন তিনি।

গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হন ওসমান ফারুক।

ধানের শীষ প্রতীকে তিনি পান ১ লাখ ১২ হাজার ৪৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর জেহাদ খান পান ১ লাখ ২ হাজার ৪৭৬ ভোট।

সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ৪ দফা অনুযায়ী, সংসদের কোনো আসন শূন্য হলে সাধারণভাবে ৯০ দিনের মধ্যে সেখানে উপনির্বাচন দিতে হয়।

Share