
নয়াবার্তা প্রতিবেদক: রাজনীতিবিদদের মতো সরকারি কর্মকর্তাদের হাতেও বাড়ছে বিশেষ আর্থিক সুবিধা ও ব্যয়ের ক্ষমতা। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পাশাপাশি বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের জন্য আগে থেকেই ছিল স্বেচ্ছাধীন তহবিল। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও)। প্রত্যেক ইউএনও বছরে পাঁচ লাখ টাকা করে এই তহবিল থেকে ব্যয় করতে পারবেন। একই সময়ে আট বছরের বেশি পুরনো গাড়ি বদলে ইউএনওদের জন্য নতুন গাড়ি কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকারের ব্যয় সংকোচন ও কৃচ্ছ্রসাধনের নীতির মধ্যে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জন্য একের পর এক আর্থিক সুবিধা সম্প্রসারণের উদ্যোগ প্রশ্ন তৈরি করেছে। বিশেষ করে অর্থনৈতিক চাপ, উচ্চ মূল্যস্ফীতি ও সীমিত রাজস্বের বাস্তবতায় নতুন এসব ব্যয়ের যৌক্তিকতা নিয়ে আলোচনা হচ্ছে।
সরকারের স্বেচ্ছাধীন তহবিলের অর্থ জরুরি মানবিক ও জনকল্যাণমূলক কাজে ব্যয়ের কথা। প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা, দরিদ্র শিক্ষার্থীদের অনুদান, অসচ্ছল মানুষের চিকিৎসা এবং স্থানীয় পর্যায়ের ক্ষুদ্র অবকাঠামো সংস্কারে এই অর্থ ব্যয় করা যায়। তবে এসব অর্থের যথাযথ ব্যবহার, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।
অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন সিদ্ধান্তে একজন ইউএনও বছরে পাঁচ লাখ টাকা স্বেচ্ছাধীন তহবিল হিসেবে পাবেন। এর মধ্যে প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় দুই লাখ টাকা, দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক অনুদানে এক লাখ টাকা এবং অতিদরিদ্র, অসচ্ছল ও প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসায় এক লাখ টাকা ব্যয় করা যাবে। এ ছাড়া স্বল্পমেয়াদি আত্মকর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে ৫০ হাজার টাকা এবং স্থানীয় পর্যায়ের জরুরি ক্ষুদ্র অবকাঠামো সংস্কারে ৫০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। গত ১২ নভেম্বর এ সংক্রান্ত নথি অনুমোদন দেওয়া হয়েছে।
ইউএনওদের জন্য এই তহবিল চালুর প্রস্তাব আসে ২০২৪ সালের জেলা প্রশাসক সম্মেলনে। পরে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদন দেয় অর্থ মন্ত্রণালয়। এত দিন স্বেচ্ছাধীন তহবিলের আওতায় একজন মন্ত্রী বছরে ১০ লাখ টাকা, প্রতিমন্ত্রী সাড়ে সাত লাখ টাকা এবং উপমন্ত্রী পাঁচ লাখ টাকা পেতেন। এ ছাড়া বিভাগীয় কমিশনারদের জন্য বছরে মোট দুই কোটি ৩০ লাখ টাকা এবং জেলা প্রশাসকদের জন্য ১৩ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ রয়েছে।
পুরনো গাড়ি বদলে নতুন গাড়ি : স্বেচ্ছাধীন তহবিলের পাশাপাশি ইউএনওদের গাড়ি বদলে নতুন গাড়ি কেনার উদ্যোগও নিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়কে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। আট বছরের বেশি পুরনো গাড়ি ফেরত নিয়ে নতুন গাড়ি সরবরাহের বিষয়টি বিবেচনায় রয়েছে।
মাঠ প্রশাসনের কর্মকর্তা হিসেবে ইউএনওদের আইনশৃঙ্খলা রক্ষা, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, উন্নয়নকাজ তদারকি ও নির্বাচনী দায়িত্ব পালন করতে হয়। প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতেও তাদের উপজেলার বিভিন্ন এলাকায় ছুটতে হয়। এসব দায়িত্ব পালনে নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিত করতে গাড়ি গুরুত্বপূর্ণ।
মন্ত্রিপরিষদ বিভাগের যুক্তি, ইউএনওদের ব্যবহৃত অনেক গাড়ির বয়স আট থেকে ১২ বছর। পুরনো হওয়ায় এসব গাড়ি প্রায়ই বিকল হয়ে পড়ে। এতে জরুরি প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি মেরামত ও জ্বালানি খরচও বাড়ছে। এ কারণে আট বছরের বেশি পুরনো গাড়ি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে নতুন গাড়ি কেনার ক্ষেত্রে মোট ব্যয় কত হবে, কতটি গাড়ি পরিবর্তন করতে হবে এবং পুরনো গাড়িগুলো কীভাবে নিষ্পত্তি করা হবে, সেসব বিষয়ও গুরুত্বপূর্ণ। গাড়ি মেরামতের ব্যয় কমানোর যুক্তি থাকলেও একসঙ্গে বিপুলসংখ্যক নতুন গাড়ি কেনার আর্থিক চাপ বিবেচনায় নেওয়া প্রয়োজন।
সর্বশেষ অন্তর্বর্তী সরকারের আমলে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জন্য পাজেরো জিপ গাড়ি কেনার উদ্যোগ নেওয়া হয়। সে সময় প্রতিটি গাড়ির দাম ধরা হয় ১.৬৯ কোটি টাকারও বেশি। দেশে মোট ৪৯৫টি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় আছে। নতুন গাড়ি কেনার ক্ষেত্রে শুধু ক্রয়মূল্য নয়, নিবন্ধন, জ্বালানি, রক্ষণাবেক্ষণসহ দীর্ঘমেয়াদি ব্যয়ের বিষয়টিও বিবেচনায় নিতে হবে।
বিশ্লেষকরা বলছেন, যেসব গাড়ি এখনো ব্যবহারযোগ্য, সেগুলো মেরামত করে আরও কিছুদিন চালানো সম্ভব কিনা, সেটিও যাচাই করা প্রয়োজন। সরকারি গাড়ি কেনার ক্ষেত্রে প্রয়োজনীয়তা ও আর্থিক সক্ষমতার পাশাপাশি সাশ্রয়ী বিকল্প যাচাই করা জরুরি।
ব্যয় সংকোচনের নীতির সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ : সরকারপ্রধান যখন সরকারি ব্যয় কমানো ও কৃচ্ছ্রসাধনের ওপর গুরুত্ব দিচ্ছেন, তখন মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জন্য নতুন আর্থিক সুবিধা ও গাড়ি কেনার উদ্যোগের মধ্যে নীতিগত সামঞ্জস্য নিয়ে প্রশ্ন উঠছে। একদিকে সরকারি ব্যয় কমানোর বার্তা, অন্যদিকে প্রশাসনের বিভিন্ন স্তরে নতুন ব্যয়ের সুযোগ তৈরি- এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা জরুরি।
জনকল্যাণমূলক কাজে স্বেচ্ছাধীন তহবিলের প্রয়োজনীয়তা অস্বীকার করার সুযোগ নেই। বিশেষ করে স্থানীয় পর্যায়ে দুর্যোগ, দুর্ঘটনা কিংবা অসচ্ছল মানুষের জরুরি প্রয়োজনে দ্রুত সহায়তা দিতে ইউএনওদের হাতে অর্থ থাকা কার্যকর হতে পারে। একইভাবে দায়িত্ব পালনের জন্য সচল ও নিরাপদ যানবাহনও প্রয়োজন।
এ বিষয়ে জনপ্রশাসন বিশেষজ্ঞ নজরুল ইসলাম বলেন, এসব সুবিধার কার্যকারিতা নির্ভর করবে অর্থ ও সম্পদের ব্যবহার কতটা স্বচ্ছ এবং জবাবদিহিমূলক হচ্ছে, তার ওপর। স্বেচ্ছাধীন তহবিলের অর্থ কাদের দেওয়া হচ্ছে, কী বিবেচনায় দেওয়া হচ্ছে এবং প্রকৃত উপকারভোগীরা সহায়তা পাচ্ছেন কি না, তা নিশ্চিত করা জরুরি। একইভাবে গাড়ি কেনার ক্ষেত্রেও প্রয়োজনীয়তা, ব্যয় ও বিকল্প বিবেচনায় নেওয়া দরকার। ফলে মাঠ প্রশাসনের কার্যক্রম গতিশীল করার উদ্যোগের পাশাপাশি সরকারি অর্থের সর্বোচ্চ সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করাই এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ।
