গোপালগঞ্জে মুঠোফোনে টাকা লেনদেন করতে পারছেন গ্রাহকরা

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেছেন তামান্না তাহা। এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করছেন। কিন্তু নিজের মুঠোফোন থেকে নির্ধারিত ফি পরিশোধ করতে পারছেন না। আজ বৃহস্পতিবার বিকেলে কয়েকটি দোকানে ঘুরে শেষ পর্যন্ত আসেন গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকার হাফিজ টেলিকম নামের দোকানে।

সেখানে কথা হয় তামান্না তাহার সঙ্গে। তিনি বলেন, শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের শেষ দিন। তাই বৃহস্পতিবারই আবেদন ও ফি পরিশোধের কাজ শেষ করতে চেয়েছিলেন। তাঁর রকেট অ্যাকাউন্টে ফি পরিশোধের টাকা আছে। কিন্তু অ্যাকাউন্ট দিয়ে লেনদেন করতে না পারায় আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।

গোপালগঞ্জে হঠাৎ করে মুঠোফোনে আর্থিক সেবা (এমএফএস) ব্যবহার করতে পারছেন না অনেক গ্রাহক। গতকাল বুধবার দুপুরের পর থেকে অনেক গ্রাহকের ব্যক্তিগত এমএফএস অ্যাকাউন্ট বন্ধ হতে শুরু করে। প্রথমে গ্রাহকেরা বিষয়টি বুঝতে পারেননি। কেউ টাকা তুলতে গিয়ে, কেউ টাকা পাঠাতে বা অন্য লেনদেন করতে গিয়ে সমস্যায় পড়েন। পরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর হেল্পলাইনে যোগাযোগ করে কিংবা পরিচিতদের কাছ থেকে খোঁজ নিয়ে অ্যাকাউন্ট বন্ধ থাকার বিষয়টি জানতে পারেন।

আজ বৃহস্পতিবারও অ্যাকাউন্ট বন্ধ থাকায় বিকাশ, নগদ, রকেটসহ বেশ কিছু মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের গ্রাহকেরা টাকা তুলতে, পাঠাতে ও জরুরি লেনদেন করতে পারেননি। অ্যাকাউন্ট বন্ধের কারণ ও কত দিন এ অবস্থা থাকবে, তা জানতে না পেরে গ্রাহকদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে গ্রাহকদের অনেকেই লেনদেন করতে পারছেন। এমএফএস প্রতিষ্ঠানগুলোর এজেন্টরাও লেনদেন করতে পারছেন।

আজ সকাল থেকে অ্যাকাউন্ট বন্ধ থাকা গ্রাহকদের নিবন্ধিত মুঠোফোন নম্বরে প্রতিষ্ঠানগুলো থেকে এ–সংক্রান্ত খুদে বার্তা (এসএমএস) পাঠানো হচ্ছে। একটি প্রতিষ্ঠানের বার্তায় বলা হয়েছে, ‘স্যার/ম্যাডাম, MFS বিধিমালা অনুযায়ী আপনার বিকাশ অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই মুহূর্তে এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছে না বলে দুঃখিত।’

এ ধরনের বার্তা পাওয়ার পর গ্রাহকদের উদ্বেগ বেড়েছে। কী কারণে অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে কিংবা কত দিন অ্যাকাউন্ট বন্ধ থাকবে, এসব বিষয়ে বার্তায় স্পষ্ট কোনো বার্তা না পাওয়ায় অনিশ্চয়তায় রয়েছেন গ্রাহকেরা।

গোপালগঞ্জ সদর উপজেলার সিংগা গ্রামের কলেজছাত্র ধীমান বিশ্বাস শহরের বটতলা এলাকায় মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকার হাফিজ টেলিকমের বিকাশ এজেন্টের দোকানে টাকা তুলতে আসেন। কিন্তু টাকা তুলতে গিয়ে জানতে পারেন, তাঁর বিকাশ অ্যাকাউন্টটি সাময়িকভাবে বন্ধ রয়েছে। ধীমান বিশ্বাস বলেন, তাঁর বড় বোন সাথী বিশ্বাস বুধবার রাতে বিকাশে দুই হাজার টাকা পাঠিয়েছেন। সেই টাকা তুলে বাজার করার জন্য তিনি দোকানে এসেছিলেন। অ্যাকাউন্ট বন্ধ থাকায় টাকা তুলতে না পেরে বাজার না করেই বাসায় ফিরে যান তিনি।

হাফিজ টেলিকমের স্বত্বাধিকারী মোহাম্মদ হাফিজ খান মোল্লা বলেন, আজ সকাল থেকে বিকাশ, নগদ ও রকেটের অ্যাকাউন্ট বন্ধের সমস্যা নিয়ে তিন থেকে চার শ গ্রাহক তাঁর দোকানে এসেছেন। তাঁদের অনেকেই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় অনেক গ্রাহক তাঁদের অ্যাকাউন্টে থাকা টাকা তুলে নিচ্ছেন।

Share