
বাজে আবহাওয়া পাত্তা না দিয়েই মাঠে উপস্থিত হয়েছেন উল্লেখযোগ্য পরিমাণ দর্শক। তবে বৃষ্টি না থামায় সামাজিক যোগাযোগমাধ্যম থেকে মাঠেও গুঞ্জন চলছে, ফাইনাল শেষ পর্যন্ত মাঠে গড়াবে তো? এ ম্যাচের ‘প্লেয়িং কন্ডিশন’ বা নিয়ম অনুযায়ী খেলা রাত ৯.৪০ মিনিটের মধ্যে শুরু করতে না পারলে বাতিল হবে ম্যাচ। আর তখন ‘যৌথ চ্যাম্পিয়ন’ ঘোষণা করা হবে দুই দলকে। ট্রফি ভাগাভাগি করবে বাংলাদেশ ও আফগানিস্তান দুই দল।
সন্ধ্যা সাড়ে সাতটার আগে ফাইনাল শুরু করতে পারলে ওভার কাটা হবে না। তবে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ওভার কাটতে শুরু করবেন আম্পায়ার। প্রথম আলোর প্রতিবেদককে ম্যাচ অফিশিয়াল স্কোরার জানিয়েছেন, ন্যূনতম ৫ ওভারের খেলা হলে রাত ৯.৩০ মিনিটে টস হবে। আর ৯.৪৬ মিনিটে মাঠে গড়াবে খেলা। আগের নির্ধারিত সময় অনুযায়ী এ টি-টোয়েন্টি ফাইনাল শেষ হওয়ার কথা ছিল রাত ১০টা ৪০ মিনিটের মধ্যে। কিন্তু বেরসিক বৃষ্টি সব গুবলেট করে দিয়েছে। দুই দল মাঠে এলেও খেলা বাদ দিয়ে বৃষ্টি বন্দী থাকতে হচ্ছে।
