
বিশেষ প্রতিবেদক : কক্সবাজারের টেকনাফের সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় সাবেক এক সংসদ সদস্য ও সাবেক-বর্তমান তিন সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন।
কারাগারে যাওয়া চারজন হলেন—কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুব আলম ও কর্নেল (অব.) মো. আনোয়ার লতিফ খান।
ট্রাইব্যুনালকে রাষ্ট্রপক্ষ জানায়, চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আজ তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
রাষ্ট্রপক্ষ আরও জানায়, সাত পলাতক আসামির বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর না হওয়ার প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে।
শুনানি শেষে ট্রাইব্যুনাল চার আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে পলাতক আসামিদের আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
পরবর্তী শুনানির জন্য আগামী ৭ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে।
পলাতক আসামিরা হলেন—ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ, মেজর (অব.) রুহুল আমিন, লেফটেন্যান্ট কমান্ডার মো. আশেকুর রহমান ও ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা স্কোয়াড্রন লিডার নাজমুস সাকিব মাহমুদ।
রাষ্ট্রপক্ষের দাবি, ২০১৮ সালের ২৬ মে টেকনাফের একটি সড়ক থেকে একরামুলকে তুলে নেওয়া হয়। পরে সাজানো বন্দুকযুদ্ধে তাকে হত্যা করা হয়।
এ ঘটনায় ১১ জনের বিরুদ্ধে বেআইনিভাবে আটক, অপহরণ, বন্দুকযুদ্ধের নাটক সাজানো, হত্যা, সহায়তা, প্ররোচনা ও হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ এনেছে রাষ্ট্রপক্ষ।
