
টেস্ট ক্রিকেটের যাত্রাকালে ১৮৭৭ এর প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হারে অস্ট্রেলিয়া। পরের ম্যাচেই জয় পায় তারা। দুই বছর পর নিজেদের তৃতীয় ম্যাচেও দ্বিতীয় জয় তুলে নেয় অসিরা। পরবর্তীতে টেস্ট ক্রিকেটে যুক্ত হওয়া ৮ দলের কেউই এই রেকর্ড গড়তে পারেনি, যা পেরেছে আফগানিস্তান। ভারতের বিপক্ষে প্রথম টেস্ট হারের পর আয়ারল্যান্ড ও বাংলাদেশকে হারিয়ে নিজেদের তৃতীয় টেস্টে দ্বিতীয় জয় তুলে নিল তারা।
টেস্টে দ্বিতীয় জয় পেতে ইংল্যান্ড চারটি, পাকিস্তান নয়টি, ওয়েস্ট ইন্ডিজ ১২টি, দক্ষিণ আফ্রিকা ১৩টি, শ্রীলঙ্কা ২০টি, ভারত ৩০টি ও জিম্বাবুয়ে খেলেছিল ৩১টি ম্যাচ। ২৬ বছর অপেক্ষা করে টেস্ট জেতা নিউজিল্যান্ডের দ্বিতীয় জয় এসেছে ৫৫তম ম্যাচে। যে বাংলাদেশের বিপক্ষে আফগানরা এই রেকর্ড গড়েছে সেই বাংলাদেশকে দ্বিতীয় টেস্ট জিততে খেলতে হয়েছে ৬০টি ম্যাচ।
