অস্ত্র হাতে ভাইরাল ছবির সেই শিবলু গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনে ছিলেন হামলার আসামি

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারায় অস্ত্র হাতে মহড়া দিয়ে আলোচনায় আসা মো. শিবলুকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে উপজেলার হাইলধর ইউনিয়নের হেটিখাইন গ্রামের পূর্বপাড়া এলাকায় শ্বশুরবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শিবলু উপজেলার হাইলধর ইউনিয়নের হেটিখাইন গ্রামের নাছির মেম্বারের বাড়ির আবুল হাসেমের ছেলে।

পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছরের ২৮ ফেব্রুয়ারি অস্ত্র হাতে শিবলুর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর কিছুদিন আত্মগোপনে ছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে হামলা, মারামারিসহ একাধিক মামলাও রয়েছে। ২০২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবর্ষণের একটি মামলারও আসামি তিনি।

শিবলু সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না থাকলেও বিভিন্ন দলের নেতাদের সঙ্গে সংযোগ রেখে চলতেন বলে জানা গেছে। পুলিশ জানায়, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রামের ষোলশহর এলাকায় শিক্ষার্থীদের সমাবেশে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় ওই বছরের ৫ সেপ্টেম্বর নগরের পাঁচলাইশ মডেল থানায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে প্রধান আসামি করে ৯৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যাচেষ্টার মামলা করেন ছাত্রদল নেতা জিয়াউল হক জোনাইদ। শিবলু ওই মামলার ৬৯ নম্বর এজাহারনামীয় আসামি। এলাকায় তিনি রাজনৈতিক নেতাদের ছত্রচ্ছায়ায় কিশোর গ্যাং গড়ে তুলেছিলেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, আজ ভোরে শিবলুকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ একাধিক নিয়মিত মামলা রয়েছে। আজ তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

Share