
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে তালাবদ্ধ একটি ফ্ল্যাট থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায় মো. দুলাল মিয়ার বহুতল ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শাহীন হোসেন (৩২) রাজাবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। পরিবারের অভিযোগ, পরকীয়া সম্পর্কের জেরে আমেনা খাতুন নামের এক নারী তাকে শ্বাসরোধে হত্যা করে ঘরে তালা দিয়ে পালিয়েছেন। তিনি রাজাবাড়ি ইউনিয়নের নয়াগাঁও গ্রামের মো. রতন মিয়ার ছেলে।
জানা গেছে, আমেনা খাতুন দুই মেয়ে নিয়ে মো. দুলাল মিয়ার বাড়ির চতুর্থ তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। বড় মেয়ে ৯ম শ্রেণির ছাত্রী। এক পর্যায়ে শাহীনের সঙ্গে ওই নারীর পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। বড় ভাই আজাহার আহমেদ জানান, আমেনা খাতুনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে তার ভাই শাহীন পাঁচ মাস আগে বাড়ি ছাড়েন। ওই সময় থেকে পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।
দুপুর সাড়ে ১২টার দিকে শাহীন হোসেনের বন্ধু আলমগীর তাকে ফোন করে ছোট ভাইয়ের খোঁজ নিতে বলেন। পরে আলমগীর জানান, শাহীনকে হত্যা করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি ঘরটি তালাবদ্ধ দেখতে পেয়ে পুলিশকে জানান। রাতে পুলিশ এসে তালা ভেঙে ঘরের খাটের ওপর মরদেহ দেখতে পায়। আজাহার আহমেদের ভাষ্য, তার ভাইয়ের গলায় আঘাতের চিহ্ন ছিল। কোনো ধরনের শক্ত জিআই তার দিয়ে শ্বাস রোধ করে শাহীনকে হত্যা করা হয়েছে বলে পরিবারের ধারণা।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে রাতে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘরটি তালাবদ্ধ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যার পর ঘাতক পালিয়ে গেছে।
ওসি আরো বলেন, অভিযুক্ত নারীকে আটকের চেষ্টা চলছে। তার স্বামীর তথ্য সংগ্রহ করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
