আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে ‘ছাত্রলীগের ১৫ নেতা–কর্মী’ আটক

নিজস্ব প্রতিবেদক : বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা শওকত হাসানুর রহমানের বাসা থেকে ১৫ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা ছাত্রলীগের নেতা–কর্মী বলে দাবি করে পুলিশ বলেছে, নাশকতার পরিকল্পনার তথ্য পেয়ে তাঁদের আটক করা হয়েছে। আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের ২০ নম্বর সড়কের ওই বাসা থেকে তাঁদের আটক করে উত্তরা পশ্চিম থানা–পুলিশ।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, নাশকতার পরিকল্পনা করা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। বাসাটি আওয়ামী লীগের এক সাবেক সংসদ সদস্যের। যাচাই–বাছাই শেষে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

থানা-পুলিশের একটি সূত্র জানায়, তাঁদের উদ্দেশ্য কী ছিল এবং কেন তাঁরা সেখানে জড়ো হয়েছিলেন, তা জানার চেষ্টা চলছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তাঁরা কেক কাটতে সেখানে জড়ো হয়েছিলেন, এমন একটি তথ্যও সামনে এসেছে। বিষয়টি পুলিশ যাচাই-বাছাই করে দেখছে।

Share