আজ শহীদ নূর হোসেন দিবস


নয়াবার্তা প্রতিবেদক : আজ থেকে ৩৯ বছর আগে ঐতিহাসিক ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম স্মারক ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’ দূরদর্শী ও সাহসী এই স্লোগান লিখে রাজপথে নেমেছিলেন নূর হোসেন। সেই ১০ নভেম্বর আজ। দিবসটি পালিত হলো অনেকটা নিরবে। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে ১৫ দল, ৭ দল ও ৫ দলের সচিবালয় ঘেরাও কর্মসূচি চলাকালে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন যুবলীগ নেতা নূর হোসেন।

বুকে-পিঠে সাদা রঙে ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’ দূরদর্শী ও সাহসী স্লোগান লিখে রাজপথে নেমেছিলেন নূর হোসেন। আন্দোলনকারীদের ওপর পুলিশের নির্বিচার গুলিবর্ষণে সেদিন কেবল নূর হোসেনই নন, যুবলীগের আরেক নেতা নূরুল হুদা বাবুল এবং কিশোরগঞ্জের বাজিতপুরের ক্ষেতমজুর নেতা আমিনুল হুদা টিটোও প্রাণ হারান। শহীদদের এই আত্মদান স্বৈরাচারবিরোধী আন্দোলনকে এক অভাবনীয় গণঅভ্যুত্থানে রূপ দেয়, যার ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর বাধ্য হয়ে ক্ষমতা ত্যাগ করেন স্বৈরশাসক এরশাদ এবং দেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা ঘটে।

পরবর্তীতে নূর হোসেনের স্মৃতিবিজড়িত গুলিস্তানের জিরো পয়েন্টকে ‘শহীদ নূর হোসেন স্কয়ার’ নামে ভূষিত করা হয় এবং দিনটি ‘গণতন্ত্র মুক্তি দিবস’ হিসেবেও পরিচিতি লাভ করে।

দিবসটি উপলক্ষে প্রতিবছরের মতো এবারও নানা রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। আজ সকালে রাজধানীর গুলিস্তানের শহীদ নূর হোসেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে বিভিন্ন দল। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও এর অঙ্গ সংগঠনগুলো সকাল ৮টায় শহীদ নূর হোসেন স্কয়ার এবং পরবর্তীতে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ সৈয়দ আমিনুল হুদা টিটোর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করেছে।

অন্যদিকে, বিকাল ৪টায় বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন তোপখানা রোডে দলের প্রধান কার্যালয়ে ‘শহীদ নূর হোসেন দিবস: রাষ্ট্রীয় গুম-খুনের বাসনা এবং সংস্কার পরিষদ না গঠনের বাহানা’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করেছে। সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতারা পৃথক বিবৃতিতে নূর হোসেনসহ গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে আত্মদানকারী সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।

তবে একই দিনকে ভিন্ন আঙ্গিকে পালন করছে জাতীয় পার্টি। ১৯৮৬ সালের ১০ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে সামরিক আইন প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন। সেই দিনটিকে স্মরণে রেখে জাতীয় পার্টি প্রতি বছর এই ১০ নভেম্বরকে ‘গণতন্ত্র দিবস’ হিসেবে উদযাপন করে থাকে।

Share