
নয়াবার্তা প্রতিবেদক : শেখ হাসিনা নিজে দেশে ফিরতে চাইলে ভারত থেকে তাকে প্রত্যর্পণের ক্ষেত্রে সরকার কোনো আইনি জটিলতা দেখছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
শেখ হাসিনার নতুন পাসপোর্ট-এনআইডির আবেদন, কে এই ব্রিটিশ আইনজীবী স্টিভেন পওলস্?
তিনি বলেন, তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়াটি যথাযথ আইনি পথে সম্পন্ন করতে চায় সরকার। এ জন্য ভারতের সঙ্গে একাধিকবার আনুষ্ঠানিক যোগাযোগও করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে সরকারের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে প্রত্যর্পণ নিয়ে আইনি জটিলতা থাকার কথা নয়। তিনি বরং দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে পারতেন। তার বিরুদ্ধে সাধারণ হত্যাকাণ্ডের অভিযোগের পাশাপাশি মানবতাবিরোধী অপরাধের বিষয় রয়েছে। এ ধরনের অপরাধের ক্ষেত্রে সংবিধানের ৪৭ অনুচ্ছেদে বিশেষ বিধান রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
উপদেষ্টা বলেন, শেখ হাসিনা নিজে ফিরতে চাইলে আইনি বিষয়গুলো আদালতে মোকাবিলা করা সম্ভব। সরকার মনে করে, যিনি দণ্ডিত বা অভিযুক্ত, তার দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়া উচিত। তাকে কারাগারে থাকার কথা থাকলেও তিনি দেশের বাইরে অবস্থান করছেন।
ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, কোনো অপরাধী বিদেশে পালিয়ে গেলে এবং তার অবস্থান জানা থাকলে চুক্তি অনুযায়ী সংশ্লিষ্ট দেশকে তাকে গ্রেপ্তার করে হস্তান্তরের অনুরোধ জানানো যায়। সরকার এ প্রক্রিয়ায় ভারতকে একাধিকবার আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে। এখন দেশটির পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।
তবে শুধু শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনাই সরকারের লক্ষ্য নয়, পুরো প্রক্রিয়াটি যথাযথ আইনি পদ্ধতিতে সম্পন্ন করাও গুরুত্বপূর্ণ বলে জানান জাহেদ উর রহমান। তার ভাষ্য, সরকার তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে চায় এবং এ ক্ষেত্রে প্রক্রিয়ার ওপর গুরুত্ব দিচ্ছে।
শেখ হাসিনার পাসপোর্টের বিষয়ে উপদেষ্টা জানান, তার নিজের পক্ষ থেকে পাসপোর্টের জন্য কোনো আবেদন করা হয়নি। এর আগে দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার জানিয়েছিলেন, একটি আইন প্রতিষ্ঠান পাসপোর্ট ইস্যুর ব্যবস্থা করতে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিল। তবে সেটিকে শেখ হাসিনার সরাসরি আবেদন হিসেবে দেখার সুযোগ নেই।
কূটনৈতিক এলাকায় শেখ হাসিনা বা তার দলের কোনো বৈঠক কিংবা কার্যক্রমের বিষয়ে সরকারের কাছে তথ্য নেই বলেও জানান তিনি। এ বিষয়ে তাই সরকারের কোনো মন্তব্য নেই। আর শেখ হাসিনা বা তার দল রাজনৈতিকভাবে সরকারকে চাপে ফেলার চেষ্টা করতে পারে কি না—এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, তারা চেষ্টা করতেই পারে, তবে সরকার বিষয়টিকে গুরুত্বপূর্ণ মনে করছে না।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সংক্ষিপ্ত রায় প্রকাশিত হয়েছে। বিস্তারিত রায় প্রকাশের বিষয়টি নিয়ে তিনি নিশ্চিত করে কিছু জানাননি।
