চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে রুটিন অনুযায়ী চলবে: শিক্ষামন্ত্রী

নয়াবার্তা প্রতিবেদক : পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৭ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা চলবে।

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের এমনটি জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বন্যা-পরবর্তী পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ১৬ জুলাই রাতে স্থগিত করা হয়েছিল।

মন্ত্রী বলেন, রুটিন অনুযায়ী আগামী জুলাই ২৭ তারিখ থেকে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা চলবে। রুটিন অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার পর স্থগিত হওয়া পরীক্ষার তারিখ জানানো হবে।

১৩ জুলাইয়ের পরীক্ষা যারা দুর্যোগের কারণে দিতে পারেনি, তাদের রেজিস্ট্রেশনও শুরু হবে। তাদের সংখ্যা বিবেচনা করে নতুন পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।

এদিকে, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলা প্রশাসকের প্রতিবেদন এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ২৭ জুলাই থেকে বিদ্যমান সময়সূচি অনুযায়ী চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি/আলিম/এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা ২০২৬-এর অবশিষ্ট পরীক্ষা যথারীতি চলবে। স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

Share