
নয়াবার্তা প্রতিবেদক : রাজধানীর শেরেবাংলা নগর থানা বিএনপির ২৮ নাম্বার ওয়ার্ডের সভাপতি মিজানুর রহমান স্বপনকে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার করেছে এসআরবি-২। সোমবার (৫ অক্টোবর) আগারগাঁও এলাকা থেকে গ্রেফতার পর তাকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান। তিনি বলেন, তাকে এসআরবি গ্রেফতার শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও এসআরবি সূত্রে জানা যায়, শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর এলাকায় স্বপনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এর মধ্যে ছয়তলা গার্মেন্টস থেকে চাঁদাবাজি, নিউরোসায়েন্স হাসপাতালের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট পরিচালনা, আগারগাঁও নতুন রাস্তা এলাকার ফুটপাত থেকে চাঁদাবাজি এবং শেরেবাংলা নগর থানার পাশের সমবায় বস্তিতে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসিক চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।
