
খুলনা প্রতিনিধি : খুলনা নগরীর প্রাণকেন্দ্রে সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয় থেকে সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে প্রকাশ্য দিবালোকে তুলে নিয়ে যায় কয়েকজন দুর্বৃত্ত। আজ বুধবার দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে ৩-৪টি মোটরসাইকেলে করে আসা বেশকয়েক যুবক প্রথমে তাকে রিকশায়, পরে মোটরসাইকেলে করে নগরীর কালীবাড়ি ঘাটের দিকে নিয়ে যায়। প্রায় ৪০ মিনিট পরে তাকে আবার রিকশায় করে কার্যালয়ে পাঠিয়ে দেয়। কিন্তু ফিরে এসে কারা তাকে নিয়ে গেছে-এ ব্যাপারে কোনো কথা বলছেন না তন্ময় মণ্ডল।
সাব রেজিস্ট্রার কার্যালয়ের মতো জনবহুল জায়গা থেকে এভাবে রেজিস্ট্রার তুলে নিয়ে যাওয়ার ঘটনায় ওই এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। কালীবাড়ি এলাকায় খুলনার সন্ত্রাসী গ্রুপ ‘বি কোম্পানির’ দৌরাত্ব বেশি বলে স্থানীয়রা জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের খাবারের বিরতিতে সাব রেজিস্ট্রার কার্যালয় থেকে বের হয়ে একটি রিকশায় ওঠেন তন্ময় কুমার মণ্ডল। সঙ্গে সঙ্গে ৩-৪টি মোটরসাইকেলে করে আসা বেশ কয়েকজন যুবক তাকে ঘিরে ধরে। দু’জন তার সঙ্গে রিকশায় উঠে যান। একজন রিকশায় উঠে তার মুখে চেপে ধরেন। কিছু দূর পর তাকে মোটরসাইকেলে তুলে কালীবাড়ি রোডের একটি দোকানে নিয়ে যান। বিষয়টি ছড়িয়ে পড়লে পুলিশ ঘাট এলাকায় অভিযান শুরু করে। প্রায় ৪০ মিনিট পর তাকে কার্যালয়ে ফিরে আসতে দেখা যায়। এ সময় তিনি আতংকিত এবং ঘর্মাক্ত ছিলেন।
সাংবাদিকদের সদর সাব রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডল বলেন, ‘কয়েকজন যুবক কালীবাড়ি ঘাটের কাছে একটি দোকানে নিয়ে কিছু কাগজ সঠিক কিনা দেখতে দিয়েছে। কাজ শেষ তারাই রিকশায় তুলে দিয়েছে।’
খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন বলেন, সংবাদ শুনে সঙ্গে সঙ্গে আমার ঘটনাস্থলে পৌঁছাই। কিছু সময়ের মধ্যে সাব রেজিস্ট্রার ফিরে আসেন। ঘটনাটি নিয়ে পুলিশ অনুসন্ধান শুরু করেছে। তন্ময় কুমার মণ্ডলের সঙ্গে পুলিশের কথা হয়েছে। তবে তিনি এখনও ট্রমার মধ্যে থাকায় সঠিকভাবে কোনো তথ্য বা অভিযোগ দিতে পারেননি। ঘটনাটি আসলে কী এবং কারা এর সঙ্গে জড়িত—তা তদন্তের পরই পরিষ্কার হবে। এ ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে অফিসপাড়ায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
