নূরুন্নিসা সিদ্দীকার নগদ আছে ৫০ হাজার টাকা ও কেরানীগঞ্জে ২০ বিঘা জমি

নিজস্ব প্রতিবেদক : ১৩তম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা। নির্বাচন কমিশনে জমা দেওয়া তার হলফনামায় সম্পদের যে চিত্র উঠে এসেছে।

হলফনামার তথ্য অনুযায়ী, ৬৭ বছর বয়সী নূরুন্নিসা সিদ্দীকা পেশায় শিক্ষক এবং তার শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর (এমএ)। তিনি বার্ষিক ২ লাখ ৪০ হাজার টাকা আয় করেন, যার পুরো অংশই আসে শিক্ষকতা পেশা থেকে। তার অস্থাবর সম্পদের অর্জনকালীন মূল্য ৬ লাখ ৯৫ হাজার ৩৯৭ টাকা দেখানো হলেও বর্তমানে এর মূল্য ১২ লাখ ১০ হাজার ৩৯৭ টাকা। তার কাছে বর্তমানে নগদ ৫০ হাজার টাকা এবং ব্যাংক হিসাবে ২ লাখ ৮৫ হাজার ৩৯৭ টাকা জমা আছে। এছাড়াও তার নিজস্ব আসবাবপত্রের মূল্য ৪ লাখ টাকা এবং তার কাছে সাড়ে তিন ভরি স্বর্ণালংকার ও একটি হীরার আংটি রয়েছে। বিশেষ উল্লেখ্য যে, তাঁর কোনো ব্যাংকঋণ বা ব্যক্তিগত দেনা নেই।

তবে হলফনামায় থাকা সম্পদের তালিকার সবচেয়ে চমকপ্রদ তথ্যটি হলো তার জমির মালিকানা। নূরুন্নিসা সিদ্দীকা হলফনামায় উল্লেখ করেছেন যে, ঢাকার কেরানীগঞ্জে তার নামে ৬৭৬ শতাংশ বা ২০ বিঘারও বেশি অকৃষিজমি রয়েছে। তার স্বামী, যিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, তার সম্পদের বিবরণীতে ৫ দশমিক ৭৫ শতাংশ অকৃষিজমি এবং নগদ ৪০ হাজার টাকা থাকার কথা উল্লেখ করা হয়েছে। যদিও স্বামীর জমির ক্রয়ের মূল্য হলফনামায় স্পষ্টভাবে দেখানো হয়নি।

Share